পুরনো সেলফোন থেকে নতুন ডিভাইসে কথোপকথন স্থানান্তরে নতুন উপায় চালু করেছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এটি কিউআর কোড সিস্টেমনির্ভর। মেটা মালিকানাধীন প্লাটফর্মটির নতুন এ ফিচার একই অপারেটিং সিস্টেমের নতুন ডিভাইসে চ্যাট স্থানান্তরে সুবিধা দেবে। সেটা হোক আইওএস বা অ্যান্ড্রয়েড। খবর গিজমোচায়না।
দুটি ডিভাইসের মধ্যে কথোপকথন স্থানান্তরের জন্য চার্জ থাকতে হবে এবং একই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত থাকতে হবে। যে ডিভাইস থেকে স্থানান্তর করা হবে সেটির হোয়াটসঅ্যাপের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর চ্যাট অ্যান্ড চ্যাট ট্রান্সফারে প্রবেশ করতে হবে। সেখানে ইউনিক কিউআর কোড তৈরি হবে। নতুন সেলফোন থেকে সেটি স্ক্যান করলেই কথোপকথন স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন হবে।
কথোপকথন বা চ্যাট স্থানান্তরে থার্ড পার্টি সলিউশন থাকলেও হোয়াটসঅ্যাপের নিজস্ব এ সুবিধা আধুনিক নিরাপত্তা সুবিধাযুক্ত। লোকাল নেটওয়ার্কে যুক্ত থাকার মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে এনক্রিপ্টেড তথ্য আদান-প্রদান করা হয়। এটি নিরাপদে তথ্যের সুরক্ষা নিশ্চিত করে। এর আগে কথোপকথন স্থানান্তরের জন্য হোয়াটসঅ্যাপ ক্লাউড ব্যাকআপের ওপর নির্ভরশীল ছিল। নতুন অপশনটি এদিক থেকে কোম্পানির প্রথম কার্যকর উদ্যোগ।
হোয়াটসঅ্যাপ আগে থেকেই আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে তথ্য ও কথোপকথন স্থানান্তরের সুবিধা দেয়। তবে এ পদ্ধতি নতুন আসা কিউআর কোড পদ্ধতির তুলনায় খুবই জটিল। তথ্য স্থানান্তর ফিচারের পাশাপাশি হোয়াটসঅ্যাপ একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধাও দেয়। ফলে ব্যবহারকারীরা একটি নম্বর ব্যবহারের মাধ্যমে সব মেসেজ সিংক করতে পারে।










