নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর বেস্ট স্টোরিটেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ভয়েজার্স। এ নিয়ে প্রতিযোগিতায় টানা তিনবার এবং সর্বমোট চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দশমবারের মতো এ প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় ১৫২টি দেশ থেকে ৩০টি ক্যাটাগরিতে ৮ হাজার ৭১৫টি দলের ৫৭ হাজার ৯৯৯ জন বিভিন্ন বয়স, পটভূমি, আগ্রহ ও দক্ষতার ভিত্তিতে অংশগ্রহণ করেন, যা এখন পর্যন্ত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের সবচেয়ে বড় আয়োজন।

বিশ্বের মোট ৫ হাজার ৫৫৬টি প্রজেক্টের মধ্যে বাংলাদেশ বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করেছে। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের টিম ভয়েজার্সের প্রজেক্টের মূল প্রতিপাদ্য এভরিথিং স্টার্টস উইথ ওয়াটার। তাদের মিশন ছিল পৃথিবীতে সম্পূর্ণ পানিপ্রবাহের পথ বোঝানোর জন্য একটি দৃশ্যাত্মক সরঞ্জাম তৈরি করা, যা শিক্ষার্থীদের পৃথিবীর সিস্টেমে পানির প্রবাহ পথ ও জলবায়ু পরিবর্তনে এর ভূমিকা সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

বিশ্বজয়ী টিম ভয়েজার্সের দলনেতা মো. খালিদ সাকিব। এছাড়া দলের অন্যান্য সদস্য হলেন মো. আব্দুল মালেক, মো. সাখাওয়াত হোসেন, মোসা. ফাহমিদা আক্তার ও মো. আতিক। দলনেতা মো. খালিদ সাকিব বলেন, ‘‌ভার্চুয়ালি অংশগ্রহণ করা থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এত সহজ ছিল না আমাদের। তবে এখন বিশ্ব দরবারে নিজের দেশের নাম তুলে ধরতে পেরে আমরা প্রত্যেকেই আজ অনেক গর্বিত, আলহামদুলিল্লাহ। এত বড় একটা অর্জনে সবসময় আমাদের পাশে থাকায় বাংলাদেশ পর্বের আয়োজক বেসিস কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর বাংলাদেশ পর্বের আহ্বায়ক ও বেসিসের পরিচালক তানভীর হোসেন খান বলেন, ‘এ বিশ্বজয় আমাদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ। বাংলাদেশ আবারো দেখিয়েছে যে বৈশ্বিক মঞ্চের সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। আমরা আমাদের চ্যাম্পিয়নদের জন্য অত্যন্ত গর্বিত এবং তাদের কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানাচ্ছি।’

বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আমাদের এ বিশ্বজয় বাংলাদেশীদের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে সম্ভাবনা ও উদ্ভাবনের ক্ষেত্রে যে ব্যাপক অগ্রগতি হয়েছে তা আবারো প্রমাণ করেছে। এবারের হ্যাট্রিক জয়ের মাধ্যমে সর্বমোট চতুর্থবারের মতো বাংলাদেশের পতাকা বিশ্ববাসীর সামনে তুলে ধরায় আমি উক্ত অভিনন্দন জানাই আমাদের বিশ্বজয়ী টিমকে এবং এর সঙ্গে যুক্ত সব উপদেষ্টা, মেন্টর, বিচারক ও ভলেন্টিয়ারদের।’ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩ বাংলাদেশে পর্বের উপদেষ্টা ছিলেন আরিফুল হাসান অপু ও মাহদী-উজ-জামান।