চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো চলতি বছর একটি মিক্সড রিয়ালিটি (এমআর) হেডসেট বাজারে আনতে যাচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। এ হেডসেট অ্যাপল ভিশন প্রো ও সম্প্রতি ঘোষিত স্যামসাংয়ের প্রজেক্ট মুহানের মতো অন্যান্য এমআর হেডসেটের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

ডিজিটাল চ্যাট স্টেশন (ডিসিএস) নামের এক টিপস্টার ভিভোর এমআর হেডসেটের তথ্যটি চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোয় প্রকাশ করেছে। ডিসিএস জানায়, ভিভোর এমআর হেডসেট অ্যাপল ভিশন প্রোর মতো হবে। তবে হেডসেটটিই ফিচারের দিক থেকে অ্যাপলের হেডসেটকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

হেডসেটটির প্রথম প্রটোটাইপ চলতি বছরের সেপ্টেম্বরে পাওয়া যাবে। বছরের শেষ নাগাদ চীনের বিভিন্ন শহরে ‘হাই-ফিডেলটি প্রটোটাইপ অভিজ্ঞতা’ দেয়া হবে। তবে এমআর হেডসেটটি কবে বাজারে আসবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভিভোর একজন নির্বাহী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইনোজ্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর বাজারে আসা নির্ভর করবে সেসব কনটেন্টের (যা এ প্রযুক্তি সমর্থন করে) প্রস্তুতির ওপর।

গত জুলাইয়ে জিনিংয়ে অনুষ্ঠিত ভিভো ইমেজিং কনফারেন্সে এ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান এমআর হেডসেট তৈরির ঘোষণা দিয়েছিল। ওই সময় ভিভোর ইমেজিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউ মেং জানিয়েছিলেন, ডিভাইসটি ২০২৫ সালে বাজারে আসবে। এদিকে গত ডিসেম্বরে টেক জায়ান্ট গুগল এক্সটেন্ডেড রিয়ালিটি (এক্সআর) ডিভাইসের জন্য একটি নতুন অপারেটিং সিস্টেম ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে, ওএসটি বিশেষভাবে এক্সটেন্ডেড রিয়ালিটি (এক্সআর) ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। এক্সআর মূলত ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর), অগমেন্টেড রিয়ালিটি (এআর) ও মিক্সড রিয়ালিটি (এমআর) প্রযুক্তির সংমিশ্রণ। নতুন সিস্টেমটি এক্সআর ডিভাইসের ব্যবহারকে উন্নত করবে, পারফরম্যান্স বাড়াবে ও আরো ভালো ইমারসিভ (নিমজ্জিত) অভিজ্ঞতা দেবে বলে দাবি গুগলের।

এমআর হেডসেট গেমিং, শিক্ষা, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, সিমুলেশন ও আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এ প্রযুক্তি ভবিষ্যতের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বলে মনে করেন প্রযুক্তিবিদরা। এ ডিভাইস বাস্তব বিশ্ব ও ভার্চুয়াল উপাদানের মধ্যে আরো একীভূত অভিজ্ঞতা দিতে সক্ষম।