বাইডেন প্রশাসন প্রায় ২০০ চীনা চিপ কোম্পানিকে বাণিজ্যিক কালো তালিকায় যুক্ত করার কথা বিবেচনা করছে বলে গত সপ্তাহে জানায় যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স। এতে বেশির ভাগ মার্কিন সরবরাহকারীদের ওই কোম্পানিগুলোর কাছে পণ্য বিক্রি থেকে বিরত রাখবে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চীন বলেছে, তারা চীনা কোম্পানিগুলোকে সুরক্ষা দিতে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে। খবর দি ইকোনমিক টাইমস।
এ বিষয় চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হি ইয়াদং বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ধারণা বিস্তৃত করা এবং চীনা কোম্পানিগুলোকে লক্ষ্য করে নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার করার তীব্র বিরোধিতা করে চীন।’
চীন সামরিক বাহিনীকে শক্তিশালী করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে, এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র দেশটির সেমিকন্ডাক্টর রফতানির ওপর নিয়ন্ত্রণ কঠোর করছে। তিনি বলেন, ‘এ পদক্ষেপ আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য শৃঙ্খলাকে মারাত্মকভাবে ব্যাহত করছে, বিশ্বব্যাপী শিল্প নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলছে এবং চীন ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্র যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানোর জন্য জোর দেয়, তবে কোম্পানিগুলোর বৈধ অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে চীন।’
বৃহস্পতিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, বাইডেন প্রশাসন চীনের কাছে সেমিকন্ডাক্টর সরঞ্জাম ও এআই মেমোরি চিপ বিক্রিতে অতিরিক্ত বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে।










