প্রথমবারের মতো নিজেদের একটি মূল সিরিজে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করেছে স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। আর্জেন্টিনার সায়েন্স ফিকশন সিরিজ ‘দ্য ইটারনটস’-এ ভবন ধসে পড়ার দৃশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে ভিজুয়াল ইফেক্ট তৈরি করা হয়েছে। খবর বিবিসি।
এ বিষয়ে নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী টেড সারানডোস জানিয়েছেন, মূলত খরচ কমানো ও দ্রুত কাজ শেষ করার জন্যই এআই ব্যবহার করেছেন তারা। তার ভাষায়, ‘জেনারেটিভ এআই ব্যবহার না করলে এ বাজেটের একটি সিরিজের জন্য দৃশ্যটি বাস্তবায়ন অর্থনৈতিকভাবে সম্ভব হতো না।’
তিনি জানান, ওই ভবন ধসের দৃশ্যটি ছিল প্রথম কোনো মূল সিরিজ বা চলচ্চিত্রে জেনারেটিভ এআই ফুটেজ, যা কোনো নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ বা সিনেমায় সরাসরি ব্যবহার করা হয়েছে। এ দৃশ্যায়নে প্রযোজনা টিম সন্তুষ্ট বলেও জানিয়েছেন সারানডোস।
তবে জেনারেটিভ এআই প্রযুক্তি নিয়ে বিনোদন জগতে বিতর্ক রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এআই বিভিন্ন শিল্পকর্ম ব্যবহার করে কনটেন্ট তৈরি করছে, যার জন্য মূল শিল্পীদের অনুমতি নেয়া হয় না। এছাড়া এটি মানুষের কাজের ক্ষেত্র সংকুচিত করতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।
২০২৩ সালের হলিউড ধর্মঘটে এ বিষয়ই ছিল বড় ইস্যু হয়ে উঠেছিল। ওই সময় তিন মাসের আন্দোলনে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড–আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস সংগঠন (এসএজি-এএফটিআরএ) প্রযুক্তিটির ব্যবহার সীমিত করার কঠোর দাবি তোলে।










