স্মার্টওয়াচের বাজারে দীর্ঘদিন ধরে শীর্ষস্থানে ছিল টেক জায়ান্ট অ্যাপল। তবে চলতি বছর এ আধিপত্যে ফাটল ধরেছে। চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে অ্যাপলকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে। চলতি বছরের প্রথম তিনটি প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) অ্যাপলকে ছাড়িয়ে চীনা কোম্পানিটি এখন বিশ্বের সবচেয়ে বড় স্মার্টওয়াচ প্রস্তুতকারক। খবর গিজমোচায়না।

বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) গত বুধবারের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত হুয়াওয়ে ২ কোটি ৩৬ লাখ স্মার্টওয়াচ সরবরাহ করেছে, যা অ্যাপলের ২ কোটি ২৫ লাখ ইউনিটের চেয়ে বেশি। এ সময় হুয়াওয়ের বাজার হিস্যা ছিল ১৬ দশমিক ৯ শতাংশ ও অ্যাপল অর্জন ১৬ দশমিক ২ শতাংশ।

আইডিসি বলছে, চীনে স্মার্টওয়াচ বাজার গত বছরের তুলনায় ২৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারগুলোয় স্মার্টওয়াচ বিক্রিতে পতন লক্ষ্য করা গেছে। এ বাজারে বছরের তিনটি প্রান্তিকে হুয়াওয়ে প্রবৃদ্ধি দেখেছে ৪৪ দশমিক ৩ শতাংশ। ওয়াচ জিটি৫, ওয়াচ জিটি৫ প্রো ও ওয়াচ ডি২ মডেলগুলোর জনপ্রিয়তা এ সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সময় অ্যাপলের বিক্রি গত বছরের তুলনায় কমেছে ১২ দশমিক ৮ শতাংশ।

বিশ্ব স্মার্টওয়াচ বাজারে তৃতীয় স্থানে রয়েছে শাওমি, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে স্যামসাং ও বিবিকে। তবে বৈশ্বিক স্মার্টওয়াচ বাজারে অ্যাপল পিছিয়ে পড়লেও চীনের স্মার্টফোন বাজারে এটি হুয়াওয়েকে ছাড়িয়ে গেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনে স্মার্টফোন বিক্রিতে অ্যাপল শীর্ষস্থানে ছিল। এ সময় হুয়াওয়েই ছিল অ্যাপলের একমাত্র উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী।

এছাড়া রিস্ট-ওয়্যার ডিভাইসের ক্ষেত্রেও বৃহত্তম বাজারে পরিণত হয়েছে চীন। বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চীনের রিস্ট-ওয়্যার বাজারে এসব ডিভাইস বিক্রি হয়েছে ৪ কোটি ৫৮ লাখ ইউনিট। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। রিস্ট-ওয়্যার ডিভাইসের মধ্যে আছে স্মার্টওয়াচ ও রিস্টব্যান্ড।

খেলাধুলা ও স্বাস্থ্য সম্পর্কিত ফিচারের জন্য ক্রেতাদের শক্তিশালী চাহিদার কারণে স্মার্টওয়াচ ও রিস্টব্যান্ডের বাজারে গত বছরও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখেছে।