চীনের বাজারে আবারো এইচ২০ চিপ বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়া। এসব জেনারেল প্রসেসিং ইউনিটের (জিপিইউ) ওপর যুক্তরাষ্ট্রের রফতানি বিধিনিষেধের কারণে বেশকিছু সময় ধরে চীনে বিক্রি বাধাগ্রস্ত ছিল। খবর সিএনবিসি।

প্রতিবেদন অনুযায়ী, উদ্যোগটি এনভিডিয়ার জন্য একটি বড় সাফল্যের সম্ভাবনা নিয়ে এসেছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। কারণ এটি চীনা গ্রাহকদের সঙ্গে পুনরায় ব্যবসা সম্প্রসারণের পথ খুলে দেবে। যুক্তরাষ্ট্রে সরকারের শুল্কনীতি ও নিষেধাজ্ঞার মধ্যে চিপ বিক্রি পুনরায় চালু করা কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

গত এপ্রিলে মার্কিন সরকার জানায়, চীনে এইচ২০ চিপ বিক্রির জন্য বাধ্যতামূলক বিশেষ লাইসেন্স নিতে হবে এনভিডিয়াকে। ফলে এসব চিপ বিক্রি বন্ধ হয়ে যায়।

কোম্পানির সিইও জেনসেন হুয়াং মে মাসে বলেছিলেন, ‘এসব বিধিনিষেধের কারণে চীনা বাজারে এনভিডিয়ার হিস্যা প্রায় অর্ধেক কমে গেছে।’

এনভিডিয়া এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র সরকার লাইসেন্স দেয়ার আশ্বাস দিয়েছে। তাই শিগগিরই চীনে চিপ সরবরাহ শুরু করতে পারে প্রতিষ্ঠানটি।

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় এনভিডিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের চাকরি সৃষ্টির উদ্যোগ, উৎপাদন খাতে বিনিয়োগ ফিরিয়ে আনা এবং বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়া হয়।

এদিকে গত মে মাসে জানা যায়, যুক্তরাষ্ট্রের রফতানি বিধিনিষেধের কারণে চীনের বাজারে একটি নতুন ও অপেক্ষাকৃত সস্তা এআই চিপ আনতে যাচ্ছে এনভিডিয়া। কোম্পানিসংশ্লিষ্ট কয়েকটি সূত্র সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে। নতুন ব্ল্যাকওয়েল আর্কিটেকচার-ভিত্তিক (নকশা বা ডিজাইন পদ্ধতি) চিপটির দাম হবে আনুমানিক ৬ হাজার ৫০০ থেকে ৮ হাজার ডলার। অন্যদিকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত আগের এইচ২০ মডেলের দাম ছিল ১০-১২ হাজার ডলার।