১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার-ঘণ্টা (এমএএইচ) ব্যাটারির একটি মিড-রেঞ্জ স্মার্টফোন পরীক্ষাধীন রয়েছে বলে জানা গেছে। ২০২৬ সালের প্রথমার্ধে ডিভাইসটি উন্মোচন হতে পারে। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি এ তথ্য জানিয়েছে। ডিভাইসটি হবে বাজারে আসা প্রথম স্মার্টফোন, যার ব্যাটারি সক্ষমতা পাঁচ অংকের সীমা অতিক্রম করবে। খবর গিজমোচায়না।

ডিজিটাল চ্যাট স্টেশন কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের নাম উল্লেখ করেনি। তবে অনেকে ধারণা করছেন, ফোনটি হতে পারে রিয়েলমির। কারণ এর আগে প্রতিষ্ঠানটি ১০ হাজার এমএএইচ ব্যাটারির একটি কনসেপ্ট ফোন প্রদর্শন করেছিল।

উচ্চক্ষমতার এ ধরনের ব্যাটারি জনপ্রিয় হওয়ার পেছনে বড় ভূমিকা রাখছে সিলিকন-কার্বন নেগেটিভ ইলেক্ট্রোড ব্যাটারি প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার।

মাইড্রাইভার্সের তথ্যানুযায়ী, প্রচলিত গ্রাফাইট ব্যাটারি প্রতি গ্রামে সর্বোচ্চ ৩৭২ এমএএইচ শক্তি দিতে সক্ষম। অন্যদিকে সিলিকন-কার্বন ব্যাটারি প্রতি গ্রামে প্রায় ৪ হাজার ২০০ এমএএইচ শক্তি সরবরাহ করতে পারে। প্রযুক্তিটির সহায়তায় ব্যাটারির আকার না বাড়িয়েই ব্যাকআপ সময় উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারছে নির্মাতারা।

রিয়েলমি বলছে, তাদের কনসেপ্ট ব্যাটারিতে প্রায় ১০ শতাংশ সিলিকন ব্যবহার হয়েছে এবং এর এনার্জি ডেনসিটি ৮৮৭ডব্লিওএইচ/এল, যা শিল্পে অন্যতম সর্বোচ্চ। ফলে ভবিষ্যতে বড় সক্ষমতার ব্যাটারিও মোটা বা ভারী ডিজাইন ছাড়াই তৈরি করা সম্ভব হতে পারে বলে আশাবাদী এ প্রতিষ্ঠান।

আনুষ্ঠানিক উন্মোচনের কোনো তথ্য না থাকলেও টিপস্টারের পোস্ট বলছে, ১০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আসতে খুব বেশি দেরি নেই। পাশাপাশি ফোনটির পুরুত্ব হবে ৮ দশমিক ৫ মিলিমিটার হবে বলে জানা গেছে।

সিলিকন-কার্বন প্রযুক্তির সাহায্যে বড় ব্যাটারি যুক্ত পাতলা ডিজাইনের ফোন এরই মধ্যে চীনে বাজারে পাওয়া যাচ্ছে। অনর পাওয়ারের আট হাজার এমএএইচ সক্ষমতার ব্যাটারি রয়েছে মাত্র আট মিলিমিটার পুরুত্বের ফ্রেমে।

এছাড়া আট হাজার এমএএইচ সক্ষমতা ও ৮০ ওয়াটের দ্রুত চার্জিংসহ নতুন ব্যাটারি সিস্টেম তৈরি করছে চীনের দুই স্মার্টফোন কোম্পানি অপো ও ওয়ানপ্লাস। সম্প্রতি উন্মোচিত অনর এক্স৭০ মডেলটি ৮ হাজার ৩০০ এমএএইচ ব্যাটারির জন্য বেশ আলোচনায় রয়েছে। ফোনটির পুরুত্ব মাত্র ৭ দশমিক ৭৬ মিলিমিটার। এদিকে ওয়ানপ্লাস, আইকিউওও এবং শাওমির মতো ব্র্যান্ডগুলো ২০২৫ সালের শেষ নাগাদ সাত হাজার এমএএইচ বা তার বেশি সক্ষমতার ব্যাটারির ফ্ল্যাগশিপ ফোন আনার পরিকল্পনা করছে।