অডিও পণ্যে নতুন স্বাস্থ্য ফিচার যুক্ত করতে কাজ করছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সম্প্রতি ব্লুমবার্গের মার্ক গুরম্যান নিউজলেটারে এ কথা জানিয়েছেন। প্রথম দিকে এয়ারপডগুলো ব্যবহারকারীকে হিয়ারিং টেস্ট করতে সহায়তা করবে। খবর এনগ্যাজেট।
ভার্জের নোট অনুযায়ী, এয়ারপড বর্তমানে অডিওগ্রাম প্রোফাইল ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। আইওএস শ্রবণশক্তির সমস্যা সমাধানে এটি ব্যবহারের মাধ্যমে ইয়ারবাড টিউন করা হয়। বর্তমানে ব্যবহারকারীরা মিমির মতো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে প্রোফাইল তৈরি করতে পারে।
গুরম্যান জানান, বর্তমানে অ্যাপল এয়ারপড প্রোকে শ্রবণ সহায়ক যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত ও বাজারজাত করতে কাজ করছে। মূলত গত বছর এফডিএ ওভার দ্য কাউন্টার অপশন হিসেবে যুক্তরাষ্ট্রের অধিবাসীদের জন্য অডিও পণ্য কেনার বিষয়টি সহজ করে দেয়ার পরই এ উদ্যোগ নেয়া হলো। তিনি জানান, প্রযুক্তি জায়ান্টটি সম্প্রতি এ উদ্যোগের অংশ হিসেবে হিয়ারিং এইড নিয়ে কাজ করেছে এমন অভিজ্ঞদের নিয়োগ দিয়েছে।
এয়ারপডে আরো একটি ফিচার যুক্ত করার জন্য কাজ করছে অ্যাপল। ফিচারটি হলো শরীরের তাপমাত্রা পরিমাপক। ওয়াচ সিরিজ ৮ ও আল্ট্রাতে বিল্ট ইন টেম্পারেচার সেন্সর যুক্ত করেছিল অ্যাপল। হাতের কবজির তুলনায় কানের সংস্পর্শে থেকে সেন্সরটি আরো ভালোভাবে শরীরের তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম হবে, এ পরিপ্রেক্ষিতে এখন এয়ারপডে সেন্সর যুক্ত করার কথা ভাবছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট।
গুরম্যান জানান, এয়ারপডে যুক্ত হতে যাওয়া নতুন দুটি ফিচার আসতে আরো কয়েক মাস এমনকি বছরও লাগতে পারে। আরো গুরুত্বপূর্ণ ফিচারের অংশ হিসেবে অ্যাপল এয়ারপড প্রোতে ইউএসবি-সি চার্জিং কেস যুক্ত করতে পারে। এর মাধ্যমে লাইটিং পদ্ধতি থেকে অডিও পণ্যগুলোও সরিয়ে ফেলা হবে।










