জনপ্রিয় ভিডিও গেম সিরিজ গ্র্যান্ড থেফট অটোর সর্বশেষ সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ চলতি বছরে উন্মুক্ত করা হবে। গেমটিকে ঘিরে এরই মধ্যে অনেক আলোচনা ও আগ্রহ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালে বিনোদন জগতের সবচেয়ে বড় উন্মোচন হতে যাচ্ছে এটি। পূর্বাভাস বলছে যে প্রথম বছরেই গেম প্রজেক্টটি থেকে ৩০০ কোটি ডলার আয় করবে নির্মাতা প্রতিষ্ঠান টেক-টু ইন্টারেক্টিভ।
গেমটি মূলত ওপেন ওয়ার্ল্ড ঘরানার, যেখানে বড় বড় শহরে মুক্তভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। এতে মিশন সম্পন্নের পাশাপাশি নানা ধরনের যানবাহনে চড়ে বিভিন্ন চরিত্রের সঙ্গে যোগাযোগ করার সুযোগ রয়েছে। চমকপ্রদ গল্প, আকর্ষণীয় জগৎ ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত হওয়ার স্বাধীনতার কারণে ১৯৯৭ সালে প্রথম বাজারে আসার অল্প দিনের মধ্যে নজর কাড়ে গেমটি। এর পর থেকে নতুন সংস্করণ ঘিরে বাড়তে থাকে আগ্রহ, চলতে থাকে গুঞ্জন। এই যেমন এখন চলছে গ্র্যান্ড থেফট অটো সিক্সকে (জিটিএ সিক্স) ঘিরে।
ভিডিও গেম গবেষণা গ্রুপ ডিএফসি ইন্টেলিজেন্সের বিশ্লেষকদের মতে, প্লেস্টেশন ও এক্সবক্স কনসোলে চলতি বছরের শরৎকালে গেমটি উন্মোচন করা হবে। প্রি-অর্ডারের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
ডিএফসির পূর্বাভাস বলছে, গেমটি মুক্তির প্রথম ১২ মাসে আয় হবে ৩২০ কোটি, যা ২০১৩ সালের আগের সংস্করণ থেকে হওয়া আয়ের দ্বিগুণ। এ সাফল্য ২০২৪ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর থেকেও অনেক বেশি। বক্স অফিস মোজোর তথ্যমতে, বিশ্বব্যাপী ‘ইনসাইট আউট টু’ ও ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ যথাক্রমে ১৭০ কোটি ও ১৩০ কোটি ডলার আয় করে।
টেক-টু ইন্টারেক্টিভের প্রধান নির্বাহী স্ট্রস জেলনিক বলেন, ‘অর্জনের আগে আমি কখনই বিজয় দাবি করি না। আমি বিশ্বাস করি, রকস্টার গেমস আরেকটি চমৎকার গেম তৈরি করবে। নিঃসন্দেহে প্রত্যাশা অনেক বেশি।’
গেমাররা এক দশকেরও বেশি সময় ধরে নতুন জিটিএ গেমটির জন্য অপেক্ষা করছে, যেখানে ভাইস সিটিতে বনি ও ক্লাইড-স্টাইলের এক অপরাধী জুটি থাকবে। ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া প্রথম ট্রেলারটি ইউটিউবে ২২ কোটি ৫০ লাখেরও বেশিবার দেখা হয়েছে।
গেমকেন্দ্রিক কনসাল্টিং ফার্ম আইডিজি কনসালল্টিংয়ের প্রধান নির্বাহী ইয়োশিও ওসাকি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে শুধু গেমিং সেক্টরে নয়, সমস্ত মিডিয়ায়ই সর্বকালের বৃহত্তম বিনোদন সেক্টরের উন্মোচন হতে যাচ্ছে এটি। চাহিদা আগে যা দেখা গেছে বর্তমানে তার চেয়ে অনেক বেশি।’ I ফাইন্যান্সিয়াল টাইমস অবলম্বনে










