আপনার ফোনের চার্জ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে? হতে পারে এর ব্যাটারি বদলানোর সময় এসে গেছে। তবে কীভাবে বুঝবেন, কখন পুরনো ব্যাটারি বদলে নতুন ব্যাটারি নেয়া দরকার? মেইকঅবইউজের প্রতিবেদনে সহজ উপায়ে ব্যাটারি বদলানোর সময় জানার পদ্ধতি তুলে ধরা হলো—

আইফোনের ক্ষেত্রে

আইফোনে একটি ইনবিল্ট ‘ব্যাটারি হেলথ’ ফিচার রয়েছে। এ ফিচার আইফোনের ব্যাটারির বর্তমান অবস্থা ও এর মূল অবস্থার তুলনা করতে সাহায্য করে। এছাড়া ব্যাটারি পরিবর্তনের সঠিক সময় জানাতেও কার্যকর ভূমিকা পালন করে।

আইফোনের ব্যাটারি হেলথ চেক করার জন্য সেটিংস অ্যাপ খুলে নিচে স্ক্রল করে ব্যাটারি অপশনে ক্লিক করতে হবে। তারপর ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং অপশনে ক্লিক করতে হবে। ম্যাক্সিমাম ক্যাপাসিটির পাশে থাকা শতাংশের মান দেখুন। যদি আপনার আইফোনের ব্যাটারির সর্বোচ্চ ক্ষমতা ৮০ শতাংশের নিচে নেমে যায় এবং আগের মতো দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে না পারে, তবে ব্যাটারি পরিবর্তন করা যেতে পারে। এ অবস্থায় ব্যাটারি হেলথ পেজে একটি বার্তা দেখানো হয়। সেখানেও একই নির্দেশনা থাকে।

আপনার যদি অ্যাপলকেয়ার প্লাস ওয়ারেন্টি থাকে, তাহলে বিনা মূল্যে ব্যাটারি পরিবর্তন করতে পারবেন। তবে ওয়ারেন্টি না থাকলে নিজ খরচে ব্যাটারি বদলাতে হবে।

অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে

অ্যান্ড্রয়েড ফোনে আইফোনের মতো ইনবিল্ট ব্যাটারি হেলথ ফিচার নেই। তবে এ ধরনের ফোনে কয়েকটি উপায়ে ব্যাটারি হেলথ যাচাই করা যেতে পারে—

থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করা: অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি হেলথ চেক করার একটি জনপ্রিয় পদ্ধতি হলো ‘অ্যাকুব্যাটারি’ অ্যাপ ব্যবহার করা। এটি ব্যাটারির ক্ষমতা, ব্যবহার ও স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করে। এর জন্য অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি চার্জ সাইকেল মেপে ব্যাটারির স্বাস্থ্য নির্ধারণ করে। তবে তাৎক্ষণিকভাবে ফল পাওয়া যাবে না। কিছু সময় ধরে এটি মনিটরিং করে ডাটা সংগ্রহ করবে। কয়েকটি চার্জ সাইকেল পর ব্যাটারির ক্ষমতার রিডিং দেখা যায়। যদি ব্যাটারির চার্জিং ক্ষমতা ৮০ শতাংশ বা এর চেয়েও কমে যায়, তবে ব্যাটারি বদলানোর সময় হয়ে গেছে বলে ধরে নিতে হবে।

স্যামসাং ফোনে ডায়াগনস্টিক মেনু ব্যবহার করা: স্যামসাং গ্যালাক্সি ফোনের জন্য স্যামসাং মেম্বারস অ্যাপের মাধ্যমে ব্যাটারি হেলথ পরীক্ষা করা সম্ভব।

পুরনো অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে

কিছু পুরনো অ্যান্ড্রয়েড ফোনে ##4636## কোড ডায়াল করে ডায়াগনস্টিক মেনুতে প্রবেশ করা যায়। সেখানে ব্যাটারি ইনফরমেশন অপশনে ব্যাটারি সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন। যদি ব্যাটারি স্বাস্থ্য ‘ব্যাড’ দেখায়, তবে এটি পরিবর্তন করা যেতে পারে।

স্বাভাবিকভাবে ফোনের ব্যাটারি ধীরে ধীরে তার ক্ষমতা হারায়, যা ফোনের পারফরম্যান্সে প্রভাব ফেলে। তবে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকলে দ্রুত চার্জ শেষ হওয়ার পেছনে অন্য কারণ থাকতে পারে।