কম্পিউটার বা অন্য ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যাপলের ম্যাক ওএসের গ্রহণযোগ্যতা প্রতিনিয়ত বাড়ছে। স্ট্যাটকাউন্টারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বৈশ্বিকভাবে ব্যবহারের দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। খবর টেকটাইমস।
বর্তমানে ওএসটির গ্রহণযোগ্যতা হার ২১ দশমিক ৩৮ শতাংশ, যা বাজারে থাকা লিনাক্স ও ক্রোমওএসকে ছাড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্কটপের অপারেটিং সিস্টেম হিসেবে বর্তমানে শীর্ষে রয়েছে উইন্ডোজ। এর গ্রহণযোগ্যতা হার ৬৮ দশমিক ১৫ শতাংশ। বর্তমানে ক্রোমওএস ও লিনাক্সের গ্রহণযোগ্যতা হার যথাক্রমে ৪ দশমিক ১৫ ও ৩ দশমিক ৮ শতাংশ। নাম না জানা আরেকটি অপারেটিং সিস্টেম ৩ দশমিক ২৩ শতাংশ হিস্যা দখলে রেখেছে। অ্যাপল ইনসাইডারের তথ্যানুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে ম্যাকওএসের ব্যবহার রকেটের গতিতে বেড়ে ২২ শতাংশে উন্নীত হয়েছে।
২০২২ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ম্যাকওএসের গ্রহণযোগ্যতা খুবই কম ছিল। কিন্তু আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এ চিত্রে পরিবর্তন আসে। ডিসেম্বরের দিকে আবারো সাময়িক অবনমন দেখা যায়। তবে এরপর থেকে ম্যাকওএসের গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।










