আভেরি আঁকছে  ছবি

আশ্চর্য  সরল এক উট

দেখলাম

খাতার উপর দিয়ে ডেকে ডেকে দূরে

উড়ে গেল কালো টিয়াপাখি

ক্ষুধা আর গণকবরের দেশে

 

একটু ছায়ার খোঁজে কত যে হাঁ-মুখ পড়ে ছিল

আমাদের জ্বরতপ্ত দিন

সালগাদো

তোমার ছবির মেঘমালা

মারমা বুড়ির গান থেকে

ভেসে গেছে হয়তো-বা থানচির তামাটে আকাশে

 

যে-আলোর টানে তুমি ঘরছাড়া

সরে গেছে বারবার অসতর্ক লেন্স থেকে

আমাদের মন আর নতুন পোশাক থেকে

আজও হামাগুড়ি দিয়ে যার দিকে যেতে চাও

পাহাড়ের ঢালু বেয়ে

কোনও ছায়াবিভ্রমের দেশে

সালগাদো

আমার সমস্ত দিন যেন সেই আলোর সেপিয়া