ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে তুলুজকে ৬-৩ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে ৯ গোলের এ থ্রিলারে গোল হতে পারতো আরো। স্বাগতিক তুলুজের দু দুটি পেনাল্টি শট সেভ করেছেন পিএসজির গোলকিপার। এছাড়া জমজমাট এ ম্যাচে সাত মিনিটের ব্যবধানে বাইসাইকেল শটে দুটি গোল করেছেন পিএসজির খেলোয়াড় হোয়াও নেভেস।
ম্যাচের ৯ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। সপ্তম মিনিটে নেভেস বাইসাইকেল শটে গোল করার পর নবম মিনিটে লক্ষ্যভেদ করেন ব্র্যাডলি বারকোলা। কিছু সময় পর অ্যাক্রোবেটিক শটে আরেক গোল করেন নেভেস (৩-০)। আশরাফ হাকিমির ক্রসে বল নিয়ন্ত্রণে নেয়ার পর বাইসাইকেল শটে গোল করেন ২০ বছর বয়সী পর্তুগিজ তারকা। তুলুজের দুর্দশা বাড়িয়েছেন ওসমান দেম্বেলে। ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি (৪-০)।
এরপরও ম্যাচে ফেরা যায়? জিততে না পারলেও অন্তত পিএসজিকে কাঁপিয়ে দিতে সমর্থ হয় তুলুজ। ৩৭ মিনিটে ব্যবধান কমান চার্লি ক্রেসওয়েল (১-৪)। এরপর দু দুটি পেনাল্টি শট থেকে গোল করতে ব্যর্থ হন তুলুজের ক্রিস্টিয়ান ক্যাসেরেস। প্রথম পেনাল্টির সময় লাইন থেকে সামনে এগিয়ে যাওয়ায় শাস্তি পান পিএসজি গোলকিপার লুকাস শেভালিয়ার।
দ্বিতীয়ার্ধ শুরুর পর আবারও পেনাল্টির বাঁশি। এবার পেনাল্টি পায় পিএসজি, যা থেকে নিখুঁতভাবে গোল আদায় করে নেন দেম্বেলে (৫-১)। ম্যাচের ৭৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেভেস। এ গোলে তিনি দলকে এগিয়ে নেন ৬-১-এ। এরপর শেষ মুহূর্তের দুই গোলে ব্যবধান কমায় তুলুজ। যদিও পিএসজিকে জয়বঞ্চিত রাখা যায়নি। ৮৯ মিনিটে ইয়ান বোহো ও ৯১ মিনিটে অ্যালেক্সিস ভোসাহ গোল করেন।
চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানে তিন ম্যাচের সবগুলোই জিতল পিএসজি। লিগে শনিবার আরেক ম্যাচে নাটকীয়তা হয়েছে। ৭৭ মিনিটের পর পাঁচ পাঁচটি গোল করে লরাঁকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছেন লিল।










