ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রোববার রাতে মুখোমুখি হবে অন্যতম সেরা দুই দল ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিহাদে ম্যানচেস্টার ডার্বি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে ম্যানইউ ও ম্যানসিটি উভয়ই টেবিলের শীর্ষ চারের বাইরে রয়েছে। ম্যানইউ ৩ ম্যাচে ১ জয়ে টেবিলের ১১তম স্থানে ও ম্যানসিটি ৪ ম্যাচে ১ জয়ে টেবিলের ১৬তম স্থানে রয়েছে। সমান ৯ পয়েন্ট নিয়ে এক থেকে চার পর্যন্ত অবস্থান আর্সেনাল, টটেনহ্যাম, লিভারপুল ও বোর্নমাউথের। এর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এক ম্যাচ কম খেলেছে। অল রেডরা আজ সন্ধ্যায় বার্নলির মাঠে খেলবে। এ ম্যাচটি জিতলে তারা ১২ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে উঠে যাবে।

আজ সবার চোখ থাকছে ইতিহাদে। মুখোমুখি লড়াইয়ে ৬৮ জয় নিয়ে এগিয়ে রয়েছে ম্যানইউ, সিটির জয় ৫৬টি। দুই দলের ৫০টি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের সর্বশেষ তিন ম্যাচে ১-০তে এগিয়ে ম্যানইউ। ২০২৪ সালের ১০ আগস্ট কমিউনিটি শিল্ডে ১-১ গোলে ড্র, ১৫ ডিসেম্বর ম্যানইউ ২-১-এ জয়ী ও এ বছর ৫ এপ্রিল গোলশূন্য ড্র করে দুই দল।