উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমের লিগ পর্ব শুরু আজ। প্রথম দিনই মাঠে নামছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। চোটমুক্ত জুড বেলিংহ্যামকে নিয়েই আজ ঘরের মাঠে ফরাসি দল মার্শেইয়ের বিপক্ষে ১৬তম শিরোপা মিশনে নামছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

যুক্তরাষ্ট্রের মাঠে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলার সময় বাম কাঁধের চোটে পড়েন বেলিংহ্যাম। এ কারণে গত ১৬ জুলাই তার কাঁধে অস্ত্রোপচার করা হয়েছে। লা লিগার শুরুর চারটি ম্যাচও তাই খেলা হয়নি তার। এ চারটি ম্যাচেই অবশ্য রিয়াল জয় পেয়েছে। দারুণ ফর্মে আছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়ররা।

২০২৩ সাল থেকে কাঁধের চোট বয়ে বেড়াচ্ছেন বেলিংহ্যাম। যদিও রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব সামলে সময় বের করতে পারছিলেন না। অবশেষে তার কাঁধে অস্ত্রোপচার করা হয়েছে।

আজ ইংলিশ ক্লাব আর্সেনাল খেলবে স্পেনের অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে। ইতালির জুভেন্টাস ঘরের মাঠে খেলবে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। টটেনহ্যাম হটস্পার্সের প্রতিপক্ষ স্পেনের ভিয়ারিয়াল।

বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই আগামীকাল বুধবার খেলবে ইতালির আটালান্টার বিপক্ষে। এছাড়া জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইংলিশ দল চেলসি ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ঘরের মাঠে খেলবে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। গতবারের রানার্সআপ ইন্টার মিলান খেলবে ডাচ ক্লাব আয়াক্সের মাঠে।

আজকের ম্যাচ

বিলবাও-আর্সেনাল

রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

টটেনহাম-ভিয়ারিয়াল

রাত ১টা, সনি স্পোর্টস ১

রিয়াল মাদ্রিদ-মার্শেই

রাত ১টা, সনি স্পোর্টস ২

জুভেন্টাস-ডর্টমুন্ড

রাত ১টা, সনি স্পোর্টস ৫