বিশ্বকাপের শেষ ৩২ পর্বে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করায় তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এফ’র দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে এশিয়ার এ পরাশক্তি। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে নেদারল্যান্ডস। ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে গ্র্যাহাম পটারের সুইডেনও পৌঁছে গেছে পরের রাউন্ডে।
ডালাসের ৭০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে প্রাণ ফিরে পায় ম্যাচটি। বিরতির পর ডেইজেন মায়েডা জাপানকে এগিয়ে দেন। কিন্তু ছয় মিনিট পর এন্থনি এলানগার গোলে সুইডেন সমতায় ফেরে।
সুইডেনের সঙ্গে ম্যাচ শুরুর আগেই জাপান জানতো অন্তত ১ পয়েন্ট তাদের বাঁচিয়ে দেবে। তারই ধারাবাহিতায় প্রথমার্ধে উভয় দলই কিছুটা রক্ষনাত্মক কৌশলে খেলেছে। প্রিমিয়ার লিগের ইসাক ও ভিক্টর গায়োকেরেস বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছেন। কিন্তু টেকনিক্যালি জাপান তাদের কাছেই বল বেশি রেখেছে। কেইতো নাকামুরার শট সুইডিশ গোলরক্ষক উইডেল জেটারস্ট্রম দারুণ দক্ষতায় রুখে দেন। প্রথমার্ধে এ একটি আক্রমণ ছাড়া উল্লেখ করার মত তেমন কিছুই ছিলনা।
দ্বিতীয়ার্ধও একই গতিতে শুরু হয়। জাপানিজ মিডফিল্ডার আয়ো টানাকার শট অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়। ৫৬ মিনিটে শেষ পর্যন্ত এগিয়ে যায় মোরিয়াসুর দল। সেল্টির এ্যাটাকার মায়েযার বল আটকাতে পারেনি জেটারস্ট্রম। জাপান এ লিড ধরে রেখেছিল মাত্র ছয় মিনিট। নিউক্যাসল উইঙ্গার এলানগা ডানদিক থেকে কাট করে দুর্দান্ত শটে গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করেন। ইনজুরি টাইমে প্রথমে এলানগাকে রুখে দেবার পর ইসাকের হেড আটকে দেন সুজুকি। শেষ পর্যন্ত ১-১ ড্র হয় জাপান ও সুইডেনের লড়াই।














