আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে গাইবান্ধা-৫ ( সাঘাটা-ফুলছড়ি) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার আতা সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বণিক বার্তাতে নিশ্চিত করেছেন জাপার এ প্রার্থী।

আতাউর রহমান সরকার আতা নির্বাচনী এলাকায় পোস্টার ও ব্যানার লাগিয়ে প্রচারণা শুরু করেছিলেন। তবে ভোট গ্রহণের চার দিন আগে তিনি নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আতাউর রহমান সরকার আতা বলেন, সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি। আমার সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। আমি পারছি না, যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহমুদ হাসান রিপন এবং স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলি প্রতিদ্বন্দ্বিতা করছেন।