নিউক্যাসল ছেড়ে লিভারপুলে যোগ দেয়ার কথা ক্লাবকে আগেই জানিয়ে রাখেন আলেক্সান্ডার ইসাক। এতে নিউক্যাসলে অস্বস্তি শুরু হয়। ক্লাবটি তাকে রেখে দিতে চাইলেও খেলোয়াড়টির মন উঠে যায়। এমন পরিস্থিতিতে তাকে বিদায় দিতেই হচ্ছে। যদিও এ দলবদলে বাধা ছিল উচ্চ ফি। নিউক্যাসল তার জন্য বিশাল ফি চেয়ে বসে। অবশেষে ব্রিটিশ রেকর্ড গড়েই তাকে কিনতে সম্মত হয়েছে অল রেডরা।
এর মধ্য দিয়ে ভেঙে যাচ্ছে দলবদলের ব্রিটিশ রেকর্ড। সুইডিশ স্ট্রাইকারকে ১২৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় ২ হাজার ৫০ কোটি টাকায় দলভুক্ত করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। আজ রাতে শেষ হচ্ছে গ্রীষ্মকালীন দলবদল। এর আগেই তার দলবদলের প্রক্রিয়া সম্পন্ন হবে।
২৫ বছর বয়সী ফরওয়ার্ডের জন্য ১১০ মিলিয়ন পাউন্ড ফি প্রস্তাব করেছিল লিভারপুল। সেই প্রস্তাব ফিরিয়ে দেয় নিউক্যাসল। অবশেষে ১২৫ মিলিয়ন পাউন্ডে তারা রাজি হয়েছে। শেষ পর্যন্ত ‘অ্যাডস-অন’ মিলিয়ে খরচটা ১৩০ মিলিয়ন পাউন্ডে পৌঁছবে।
২০২২ সালে ৬০ মিলিয়ন পাউন্ডে লা লিগার দল রিয়াল সোসিয়েদাদ থেকে ইসাককে কিনে নেয় নিউক্যাসল। তিন বছর পর তাকে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করল ম্যাগপাইরা। গত মৌসুমে তিনি সব ধরণের প্রতিযোগিতায় ৪২ ম্যাচে ২৭ গোল করেছেন। সেই পারফরম্যান্সে মুগ্ধ হয়েই তাকে দলে ভেড়াতে আগ্রহী হয় লিভারপুল ম্যানেজমেন্ট।
দলবদলের ইতিহাস থেকে দেখা যায়, ২০২৩ সালে বেনফিকা থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজকে ১০৭ মিলিয়ন পাউন্ডে কিনে ব্রিটিশ রেকর্ড গড়েছিল চেলসি। এবার ইসাক ১২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিলে পেছনে পড়ে যাবে এঞ্জোর সেই রেকর্ড।
বিশ্বে ইসাকের ফি থাকবে তিন নম্বরে। ২০১৭ সালে ২০০ মিলিয়ন পাউন্ডে নেইমারকে বার্সেলোনা থেকে দলভুক্ত করেছিল প্যারিস সেন্ট জার্মেই। একই বছর ১৬৫.৭ মিলিয়ন পাউন্ডে কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে যোগ দিয়েছিলেন মোনাকো থেকে। আজ সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর লিভারপুলের জার্সি পরলেই ইসাকের নাম উঠবে নেইমার ও এমবাপ্পের পরে।
ইসাককে কেনার পর লিভারপুলের খরচ পৌঁছবে ৪১৬ মিলিয়ন পাউন্ডে। চলতি দলবদলে তারা কিনেছে হুগো একিতিকে, মিলোস কেরকেজ, জেরেমি ফ্রিমপং, গিওর্গি মামারদাশভিলি, আরমিন পেকসি ও জিওভানি লিওনিকে।










