বার্সেলোনার হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত সূচনা করলেন ইংল্যান্ডের ফরওয়ার্ড মার্কাস র্যাশফোর্ড। বৃহস্পতিবার রাতে তার জোড়া গোলে ভর করেই ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে এফসি বার্সেলোনা।
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে ধারে বার্সেলোনায় খেলছেন র্যাশফোর্ড। সেই র্যাশফোর্ডই যখন কোনো ইংলিশ ক্লাবকে গুঁড়িয়ে দেন তখন আক্ষেপ জাগতেই পারে ম্যানইউ কোচ রুবেন আমোরিমের।
দ্বিতীয়ার্ধে ক্ষিপ্রগতিতে দুটি গোল করেন র্যাশফোর্ড। ৫৮ মিনিটে প্রথমটি ও ৬৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেলের সামনে অনবদ্য পারফর্ম করেন র্যাশফোর্ড। ৫৮ মিনিটে জুলেস কুন্দের ক্রসে শক্তিশালী এক হেডে বার্সাকে এগিয়ে দেন তিনি। এর ৯ মিনিট পর আরো অনবদ্য এক গোল করেন তিনি। ২০ গজ দূর থেকে তার নেয়া জোরালো শট ক্রসবার ঘেঁষে জালে জড়িয়ে যায়, যা নিক পোপের পক্ষে ছোঁয়াও সম্ভব হয়নি। ৯০ মিনিটে অ্যান্থনি গর্ডন একটি গোল পরিশোধ করেন।
প্রায় চার বছরের মধ্যে এই প্রথম চ্যাম্পিয়নস লিগে গোল করলেন র্যাশফোর্ড এবং এক ম্যাচেই করলেন দুই গোল।
বার্সার শীর্ষ ফরওয়ার্ড লামিনে ইয়ামালের অভাব এদিন ভুলিয়ে দিয়েছেন র্যাশফোর্ড। তার গতিময় পারফরম্যান্সের কাছে নিউক্যাসল কোচ এডি হাউইর সব কৌশল বিফল হয়ে যায়। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে র্যাশফোর্ডকে উঠিয়ে দানি ওলমোকে মাঠে নামান বার্সা কোচ হ্যানসি ফ্লিক। তখন বার্সার সমর্থকরা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানান।
আমোরিমের দলে জায়গা হারানোর পর গত মৌসুমে অ্যাস্টন ভিলায় ধারে খেলতে পাঠানো হয় র্যাশফোর্ডকে। অনেকে মনে করেন, বার্সায় সুযোগ পাওয়ায় তিনি ভাগ্যবানই। স্প্যানিশ ক্লাবে জার্মান কোচ হ্যানসি ফ্লিকের নিবিড় পরিচর্যা ও পরামর্শে তিনি এখন বেশ পরিণত। এবার চ্যাম্পিয়নস লিগে আলো ছড়ালেন। সুযোগ কাজে লাগিয়ে আবার আলোতে ২৭ বছর বয়সী ফরওয়ার্ড।
এদিন সদ্য সাবেক ক্লাব ম্যানসিটির মাঠে নতুন ক্লাব নাপোলির হয়ে খেলতে নেমেছিলেন কেভিন ডি ব্রুইনা। যদিও হারাতে পারেননি সিটিকে। তার দল ২-০ গোলে হেরে ফিরে গেছে ইতালিতে। ৫৬ মিনিটে আর্লিং হালান্ড ও ৬৫ মিনিটে জেমেরি ডকু গোল করে সিটিজেনদের হয়ে গোল করেন।










