স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল নতুন মৌসুমে শুরুর টানা পাঁচ ম্যাচই জিতেছে। শনিবার রাতে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ২-০ গোলে এস্পানিওলকে ও লিভারপুল ২-১ গোলে এভারটনকে হারায়।

ঘরের মাঠে ২২ মিনিটে এদের মিলিতাও ও ৪৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে জিতিয়েছেন। রিয়াল কোচ জাবি আলোনসো একদিন আগেই বলছিলেন, তিনি সব খেলোয়াড়কে সুযোগ দেবেন, ফলে এমবাপ্পের প্রতি ম্যাচে শুরুর একাদশে খেলার নিশ্চয়তা নেই। যদিও শনিবার ফরাসি তারকাকে শুরুর একাদশে রেখেছেন এবং তিনি মোটেও ভুল করেননি।

এ নিয়ে চলতি লা লিগায় টানা পাঁচ ম্যাচে জিতল রিয়াল মাদ্রিদ।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে লিভারপুল। ১০ মিনিটে রায়ান গ্রাভেনবার্চ ও হুগো একিতিকে ২৯ মিনিটে গোল করে জিতিয়েছেন লিভারপুলকে।

এ রাতে ম্যানইউ ২-১ গোলে হারিয়েছে চেলসিকে। ১৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ও ৩৭ মিনিটে ক্যাসেমিরো গোল করেন। ট্রেভো চালোবা ৮০ মিনিটে এক গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি চেলসি।