ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে হেরেছে বড় দল ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও চেলসি। ব্রেন্টফোর্ডের মাঠে ১-৩ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, ঘরের মাঠে চেলসি একই ব্যবধানে হেরেছে ব্রাইটনের কাছে এবং ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-২ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। বড়দের মধ্যে জিতেছে শুধু ম্যানচেস্টার সিটি। তারা ৫-১ গোলে হারায় বার্নলিকে।

চলতি মৌসুমে এই প্রথম হারের স্বাদ পেল লিভারপুল। এ হারের পরও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। ৫ ম্যাচে অল রেডদের সংগ্রহ ১৫ পয়েন্ট। এরপরে ক্রিস্টাল প্যালেস (১২), সান্ডারল্যান্ড (১১), বোর্নমাউথ (১১) ও ম্যানচেস্টার সিটি (১০)।

এদিকে, মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদদে ৫-২ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৭৫ বছরের মধ্যে এই প্রথম রিয়ালকে ৫ গোল দিল তারা। এ নিয়ে চতুর্থবার তারা রিয়ালকে ন্যূনতম ৫ গোল দিতে সমর্থ হলো। সর্বশেষ এ কীর্তি আছে ১৯৫০ সালে। সেবার তারা ৬-৩ গোলে হারিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বীদের।

২০১৮ সালের পর এই প্রথম লিগে ৫ গোল খেল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ বার্সেলোনা তাদের ৫-১ গোলে হারিয়েছিল।

লা লিগায় চলতি মৌসুমে টানা ছয় ম্যাচ জয়ের পর এই প্রথম হারল রিয়াল।