উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমের গ্রুপ পর্বে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মাঠে খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। এছাড়া ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ, আটালান্টা, টটেনহ্যাম ও নিউক্যাসলের বিপক্ষে এবং অ্যাথলেটিক বিলবাও ও বায়ার লেভারকুসেনের মাঠে খেলবে ফরাসিরা।
আজ বৃহস্পতিবার মোনাকোয় গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে ক্লাবগুলোর নাম তোলেন ব্রাজিলীয় গ্রেট কাকা ও সুইডিশ গ্রেট ইব্রাহিমোভিচ।
মোট ৩৬টি দল গ্রুপ পর্বে অংশ নেবে। ড্রতে প্রতিটি পটে আটটি করে দল রাখা হয়। প্রতি পটের প্রতিটি দল প্রতি গ্রুপের দুটি দলের সঙ্গে খেলবে এবং নিজ দেশের কোনো ক্লাবের মুখোমুখি হবে না, আবার একটি দেশের দুটির বেশি দলেরও মুখোমুখি হবে না।
বার্সেলোনা খেলবে পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), এনট্র্যাখট ফ্রাংকফুর্ট (হোম), ক্লাব ব্রুগে (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম) ও নিউক্যাসলের (অ্যাওয়ে) বিপক্ষে।
রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ম্যানসিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্সেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও কাজাখস্তানের দল কাইরাত আলমাটির (অ্যাওয়ে) বিপক্ষে।
গতবারের ফাইনালিস্ট ইন্টার মিলানের প্রতিপক্ষ লিভারপুল (হোম), বরুশিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাটি (হোম) ও ইউনিয়ন এসজি (অ্যাওয়ে)।
লিভারপুলের আট প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), অ্যাটলেটিকো মাদ্রিদ (হোম), এনট্র্যাখট ফ্রাংকফুর্ট (অ্যাওয়ে), পিএসভি (হোম), মার্সেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম) ও গ্যালাতাসারে (অ্যাওয়ে)।










