স্টামফোর্ড ব্রিজে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টানটান উত্তেজনা শেষে যোগ করা সময়ের গোলে লিভারপুলকে হারাল চেলসি। ৯৬ মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এস্তেভাও গোল করে হৃদয় ভাঙেন লিভারপুল সমর্থকদের। লন্ডন জায়ান্টরা জিতেছে ২-১ গোলের ব্যবধানে। এদিন আর্সেনাল ২-০ গোলে ওয়েস্ট হ্যামকে, ম্যানইউ ২-০ গোলে সান্ডারল্যান্ডকে ও টটেনহ্যাম ২-১ গোলে লিডসকে হারায়।

ঘরের মাঠে ময়েজেস কাইসেদোর গোলে ১৪ মিনিটেই লিড নেয় চেলসি এবং ১-০তে এগিয়ে থেকে তারা প্রথমার্ধের বিরতিতে যায়। ৬৩ মিনিটে ডাচ ফরওয়ার্ড কডি গাকপোর গোলে সমতা আনে লিভারপুল। যদিও শেষ পর্যন্ত পয়েন্ট পাওয়া হয়নি বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। যোগ করা সময় দেয়া হয় ৭ মিনিট। তার ষষ্ঠ মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ১৮ বছর বয়সী এস্তেভাও, যিনি চলতি গ্রীষ্মে ৫৭ মিলিয়ন ইউরো ফিতে পালমেইরাস থেকে নাম লেখান চেলসিতে।

আর্জেন্টাইন এঞ্জো ফার্নান্দেজের পাস থেকে বল পেয়ে মার্ক কুকুরেয়া ছয় গজি বক্সের ভেতর ক্রস দেন, যা থেকে ক্ষিপ্রগতির নিচু শটে লিভারপুল গোলকিপারকে পরাস্ত করেন এস্তেভাও। তিনি এমন সময় গোল করেন যা পরিশোধ করার সময়ও পায়নি লিভারপুল।

ব্রাজিলের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করলেন ১৮ বছর ১৬৩ দিন বয়সী এস্তেভাও। তার আগে ২০০৮ সালে ১৮ বছর ১২২ দিন বয়সে ম্যানইউর হয়ে গোল করেছিলেন রাফায়েল।

চেলসির কাছে লিভারপুলের হারে টেবিলের শীর্ষস্থানে উঠে গেছে আর্সেনাল (৭ ম্যাচে ১৬ পয়েন্ট)। লিভারপুল নেমে গেছে দুইয়ে (৭ ম্যাচে ১৫ পয়েন্ট)। চেলসি ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে।