সোমবার (১ সেপ্টেম্বর) মধ্য রাতে শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো খরচ করেছে ৩০০ কোটি পাউন্ডেরও বেশি (৪৯,৪৪৮ কোটি টাকা)।
৩১ আগস্ট পর্যন্ত প্রিমিয়ার লিগের দলগুলোর খরচ ছিল ২৭৩ কোটি পাউন্ড। যদিও ১ সেপ্টেম্বর শেষ দিন খরচ ৩০০ কোটি পাউন্ড ছাড়িয়ে যায়। শেষ দিন এক আলেক্সান্ডার ইসাকের দলবদল ফি ছিল ১২ কোটি ৫০ লাখ পাউন্ড। সুইডিশ স্ট্রাইকারকে নিউক্যাসল থেকে ব্রিটিশ রেকর্ড ফি দিয়ে দলভুক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
গতবারের গ্রীষ্মকালীন দলবদলের চেয়ে এবার খরচ হয়েছে অনেক বেশি। গতবার প্রিমিয়ার লিগের দলগুলোর মোট খরচ ছিল ১৯৬ কোটি পাউন্ড। মজার বিষয় হলো, এবারের দলবদলে স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান ও ইতালিয়ান সিরি-এ লিগের চেয়ে প্রিমিয়ার লিগের খরচ বেশি ছিল!
গ্রীষ্মের দলবদলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল সর্বোচ্চ ৪১ কোটি ৫০ লাখ পাউন্ড (৬ হাজার ৮৪০ কোটি টাকা) খরচ করে। এছাড়া, চেলসি ২৮ কোটি ৫০ লাখ পাউন্ড, আর্সেনাল ২৫ কোটি ৫০ লাখ পাউন্ড, নিউক্যাসল ২৫ কোটি পাউন্ড, ম্যানচেস্টার ইউনাইটেড ২১ কোটি ৬০ লাখ পাউন্ড, নটিংহ্যাম ফরেস্ট ২০ কোটি ৫০ লাখ পাউন্ড, টটেনহ্যাম ১৮ কোটি ১০ লাখ পাউন্ড, সান্ডারল্যান্ড ১৬ কোটি ২০ লাখ পাউন্ড, ম্যানচেস্টার সিটি ১৫ কোটি ২০ লাখ পাউন্ড, ওয়েস্ট হ্যাম ১২ কোটি ৪০ লাখ পাউন্ড, উলভারহ্যাম্পটন ১২ কোটি ১০ লাখ পাউন্ড, বোর্নমাউথ ১২ কোটি পাউন্ড, এভারটন ১১ কোটি ২০ রাখ পাউন্ড, বার্নলি ১১ কোটি ১০ লাখ পাউন্ড, লিডস ৯ কোটি ৮০ লাখ পাউন্ড, ব্রেন্টফোর্ড ৮ কোটি ৫০ লাখ পাউন্ড, ব্রাইটন ৬ কোটি ৯০ লাখ পাউন্ড, অ্যাস্টিন ভিলা ৫ কোটি ৭৫ লাখ পাউন্ড, ক্রিস্টাল প্যালেস ৪ কোটি ৭০ লাখ পাউন্ড ও ফুলহ্যাম ৩ কোটি ৪০ লাখ পাউন্ড খরচ করেছে।










