মরক্কো বনাম ব্রাজিল ম্যাচের প্রথম ২৫ মিনিট বিশ্বকাপ ইতিহাসের নতুন এক রেকর্ড গড়ল। মাঠে থাকা মরক্কোর ১১ জন খেলোয়াড়ের কেউই দেশটিতে জন্মগ্রহণ করেননি। এটি এ টুর্নামেন্টে এ ধরনের প্রথম ঘটনা।

বিবিসির এক প্রতিবেদনের জানান হয়, শুধু মরক্কো নয়, চলতি বিশ্বকাপে মোট ১ হাজার ২৪৮ খেলোয়াড়ের মধ্যে ২৮৯ জনই প্রতিনিধিত্ব করছেন এমন দেশের হয়ে যেখানে তারা জন্মাননি — যা মোট অংশগ্রহণকারীর ২৩ শতাংশেরও বেশি। বিশ্বকাপের ইতিহাসে এটি সর্বোচ্চ।

হৃদয়ের টান

ফ্রান্সের বিপক্ষে সেনেগালের হয়ে গোল করেন প্যারিসে জন্মানো ইব্রাহিম এমবায়ে। ফ্রান্সের সব বয়সভিত্তিক দলে খেলার পরও গত বছর মাত্র ১৭ বছর বয়সে তিনি ঘোষণা দেন মায়ের দেশ সেনেগালের হয়ে খেলবেন।

এটি ছিল একদম হৃদয় থেকে আসা সিদ্ধান্ত, কখনো অনুশোচনা হবে না বলেছিলেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলো জন্মভূমি ক্যামেরুনের বিরুদ্ধে গোল দিয়ে উদযাপন করেননি — হাত তুলেছিলেন শুধু ক্ষমা চেয়ে। তিনিই ছিলেন বিশ্বকাপ ইতিহাসে নিজের জন্মদেশের বিপক্ষে গোল করা প্রথম খেলোয়াড়।

নিয়ম বদলে বদলে গেছে ফুটবল

ফিফা ১৯৬২ সালে আনুষ্ঠানিক যোগ্যতার নিয়ম চালু করে। তার আগে যেকোনো দেশের হয়ে খেলা যেত। আর্জেন্টিনার লুইস মন্টি ১৯৩০ সালে স্বদেশের হয়ে এবং ১৯৩৪ সালে ইতালির হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলেন — তিনিই একমাত্র ব্যক্তি যিনি দুই দেশের হয়ে ফাইনাল খেলেছেন।

২০০৪ সালে ফিফা নিয়ম শিথিল করে জানায়, বাবা-মা বা দাদা-দাদির জন্মসূত্র কিংবা পাঁচ বছরের বাসিন্দা হলেই যোগ্যতা মিলবে। এই পরিবর্তন বিশেষভাবে সুযোগ তৈরি করে দিয়েছে অভিবাসীবহুল দেশগুলোর জন্য।

মরক্কোর 'অ্যাটলাস লায়নস' মডেল

মরক্কো ২০১০-এর দশকে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে সক্রিয়ভাবে প্রবাসী খেলোয়াড় খুঁজতে শুরু করে। তার ফলই হলো ২০২২ বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছানো। কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারানো পেনাল্টি শুটআউটে গোলদাতাদের মধ্যে ছিলেন নেদারল্যান্ডসে জন্মানো হাকিম জিয়াশ এবং স্পেনে জন্মানো আশরাফ হাকিমি।

গবেষক ড. মিরিয়াম চার্তি বলেন, মরক্কো তার অভিবাসী সম্প্রদায়কে বোঝা নয়, সম্পদ হিসেবে দেখতে শিখেছে।

পরিবারেও বিভাজন, মাঠেও বিতর্ক

এবারের বিশ্বকাপে দুই জোড়া আপন ভাই আলাদা দেশের হয়ে মাঠে নামছেন। স্পেনের নিকো উইলিয়ামস এবং ঘানার ইনাকি উইলিয়ামস । আর ফ্রান্সের দেজিরে দুয়ে ও তার ভাই গুয়েলা ডুয়ে খেলছেন আইভেরি কোস্টের হয়ে। দুই ভাই, দুই পতাকা।

বিতর্কও কম নেই। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলে খেলতে আসেন স্পেনের দিয়েগো কোস্তা। কিন্তু তার জন্ম ব্রাজিলে হওয়ায় স্থানীয় দর্শকদের তীব্র বিদ্রূপের শিকার হতে হয়।

ইরেসমাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিজসবার্ট ওনক বলেন, বিশ্বের প্রায় ৪ শতাংশ মানুষ এখন জন্মদেশের বাইরে বাস করেন। ফুটবলে এ প্রবণতা সেই বাস্তবতারই প্রতিফলন।

ড. চার্তির ভাষায়, জাতীয় দল এখন আর শুধু দেশের ভেতরের মানুষের প্রতিনিধিত্ব করে না — এটি এখন অভিবাসন, ইতিহাস ও বৈশ্বিক গতিশীলতার প্রতিচ্ছবি।