ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীবিরোধী অভিযান জোরদার হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় চলছে শিকাগোয়। এ অভিযানের বিরুদ্ধে শিকাগোয় চলছে অভিবাসীদের বিক্ষোভ। এ বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে শিকাগো থেকে আর্জেন্টিনা ও পুয়ের্তো রিকোর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সরিয়ে নেয়া হলো মায়ামিতে। খবর সিএনএন।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর চারদিন পর বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শিকাগোয় পুয়ের্তোর রিকোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে শিকাগোয় হচ্ছে না লিওনেল মেসিদের ম্যাচ। ম্যাচটি স্থানান্তর করা হয়েছে মায়ামির ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে, যা মেসির ইন্টার মায়ামির হোম ভেন্যু।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এক নির্বাহী সংবাদ সংস্থা এপিকে ম্যাচ স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মাস থেকে শুরু করে এখন পর্যন্ত শিকাগোয় প্রায় এক হাজার অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন কার্যক্রম জোরদারে শিকাগোয় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো উভয় ম্যাচেই ডাকা হয়েছে মেসিকে। যদিও ক্লাবের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় শিকাগোর ম্যাচটি খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। দুটি ম্যাচই মায়ামিতে হলে মেসির খেলা নিয়ে সেই অনিশ্চয়তাও থাকবে না।
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে পরের বিশ্বকাপ আসর। প্রীতি ম্যাচ খেলে তারই প্রস্তুতি নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।










