এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে আজ মঙ্গলবার সন্ধ্যায় হংকংয়ের মাঠে খেলতে নেমে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।

গত সপ্তাহে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ফলে ৩-৪ গোলের ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। ওই হারে বাংলাদেশের জন্য দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপের মূল পর্বে ওঠার কাজটা কঠিন হয়ে পড়ে। আশা বাঁচিয়ে রাখতে চাইলে বাকি তিন ম্যাচেই জেতার প্রয়োজন ছিল হাভিয়ের কাবরেরার দলের। যদিও আজ তারা ড্র করল হংকংয়ে।

৭৫ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকং ডিফেন্ডার অলিভার গারবিগ। ফলে তাকে মাঠ ছাড়তে হয়। বাকি ১৫-২০ মিনিট ১০ জনের বিপক্ষে সুযোগ নিয়ে এক গোল আদায় করে নেয় বাংলাদেশ। যদিও জয়টা পাওয়া হলো না। দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে বাংলাদেশ। কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করে ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। এ ড্রয়ের ফলে দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে খেলার আশা প্রায় শেষই বলা যায়।