দেশের মাটিতে নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। আজ শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচে মেসি করেছেন জোড়া গোল। ম্যাচে জোড়া গোল, ঘরের মাঠে শেষ ম্যাচ ও বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে সব আলোই ছিল মেসির ওপর। তিনি বলেছেন, বিশ্বকাপে খেলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।
আর্জেন্টিনায় শেষ ম্যাচ নিয়ে আবেগাপ্লুত মেসি বলেন, ‘এখানে (দেশের মাটিতে) এভাবে শেষ করার স্বপ্ন দেখেছি সব সময়। নিজের দেশে, নিজের মানুষদের সঙ্গে নিয়ে এটার স্বপ্ন ছিল। অনেক আবেগ কাজ করছে। মাঠে অনেক কিছুর ভেতর দিয়ে গিয়েছি। নিজের মানুষদের সামনে আর্জেন্টিনায় খেলাটা সব সময়ই আনন্দের। বছরের পর বছর আমরা ম্যাচগুলো এভাবেই উপভোগ করছি। এখানে এভাবে শেষ করতে পেরে ভালো লাগছে, যেটা স্বপ্ন দেখেছি সব সময়। আমি সব ভালো স্মৃতি নিয়েই থাকব। এই দলটা যা কিছু ভালো করার চেষ্টা করেছে, তার সবকিছুই। সুন্দর এক সময় পার করেছি আমরা।’
এরপরেই উঠে আসে ২০২৬ বিশ্বকাপে খেলা প্রসঙ্গ। এ নিয়ে তিনি বলেন, ‘একই কথা, যেটা এর আগেও বলেছি বিশ্বকাপ নিয়ে, মনে হয় না আরেকটি খেলতে পারব। কারণ আমার বয়স। বড় যুক্তিটা হলো, আমি কুলিয়ে উঠতে পারব না। কিন্তু আর বেশি দিন তো নেই। তবে আমি বিশ্বকাপে খেলার প্রেরণা পাচ্ছি। যেটা এর আগেও বলেছি, আমি দিন ধরে ধরে এবং ম্যাচ ধরে ধরে এগোই।’
নিজের বয়স আর ফিটনেস নিয়ে সৎ থাকার ওপর জোর দিলেন মেসি। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘দিন ধরে ধরে এগিয়ে ভালো থাকা এবং নিজের সঙ্গে সৎ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো অনুভব করলে খেলাটা উপভোগ করি। ভালো না লাগলে করি না। তাই ভালো না লাগলে সেখানে (বিশ্বকাপে) না থাকাটাই আমার পছন্দ। দেখা যাক কী হয়, বিশ্বকাপে খেলা নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। ম্যাচ ধরে ধরে মৌসুমটা শেষ করব। এরপর প্রাক-মৌসুম পাব এবং ছয় মাস সময় বাকি থাকবে। দেখা যাক কী হয়। আশা করি ২০২৬ সালের প্রাক-মৌসুমটা ভালো কাটবে এবং এমএলএসের মৌসুম। তারপর সিদ্ধান্ত নেব।’
আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের মাঠে খেলবে আর্জেন্টিনা। মেসি জানিয়েছেন, ওই ম্যাচে তিনি খেলবেন না। এতে না খেললেও আর্জেন্টিনার কোনো সমস্যা হবে না। কেননা এরই মধ্যে বিশ্বকাপের টিকিট পাওয়ার পাশাপাশি দক্ষিণ আমেরিকা মহাদেশে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮, সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করেছে ব্রাজিল।
লাতিন অঞ্চল থেকে টেবিলের শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে এবং সপ্তম স্থানধারী দলটি ফিফা প্লে-অফ টুর্নামেন্টে খেলবে। আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি উরুগুয়ে, একুয়েডর, কলম্বিয়া ও প্যারাগুয়ের বিশ্বকাপ টিকিটও নিশ্চিত হয়েছে। সপ্তম স্থান পাবে ভেনেজুয়েলা ও বলিভিয়া মধ্যে একটি দল। বলিভিয়ার পরের ম্যাচ ব্রাজিলের সঙ্গে, আর ভেনেজুয়েলা ঘরের মাঠে খেলবে কলম্বিয়ার সঙ্গে।










