আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূলপর্বে উঠে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দল প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলছে। ব্যাংককে আজ প্রথম ম্যাচে ঋতুপর্ণাদের কোনো সুযোগই দেয়নি স্বাগতিকরা।

আজ শুক্রবার ব্যাংককের থনবুরি ইউনিভার্সিটি মাঠে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে আফঈদা খন্দকারের দল। প্রথম মিনিটে ওরাপিন ওয়ায়েনগোয়েন, ৫১ মিনিটে শাওয়ালাক পেংগাম ও ৮৬ মিনিটে পাত্তারানান আউপাচাই গোল করেন।

২০১৩ সালে এএফসি উইমেনস এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথমবারের মতো থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার লাল-সবুজরা হেরেছিল ৯-০ গোলে। ১২ বছর পর প্রীতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ হারল ৩-০ গোলে।

দুই দলের মধ্যে শক্তির তফাৎ স্পষ্ট। ফিফা র‍্যাংকিংয়ে থাইল্যান্ড ৫৩ নম্বরে ও বাংলাদেশ ১০৪ নম্বরে। এর প্রতিফলন দেখা গেল ম্যাচেও।