ফিফা বিশ্বকাপ-২০২৬ এর বাছাইপর্বে ইউরোপ মহাদেশের (উয়েফা) খেলায় আজ মাঠে নামছে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও একবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, সাবেক ফাইনালিস্ট নেদারল্যান্ডসসহ মোট ১৬টি দেশ।

‘এ’ গ্রুপে স্লোভাকিয়ার মাঠে খেলবে বিশ্বকাপের পরাশক্তি জার্মানি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌঁনে একটায়। একই সময় ‘বি’ গ্রুপের ম্যাচে বুলগেরিয়ার মুখোমুখি হবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ‘জি’ গ্রুপে ইউরোপের অন্যতম পরাশক্তি নেদারল্যান্ডস ঘরের মাঠে খেলবে রবার্ট লেভানডোভস্কির দল পোল্যান্ডের বিপক্ষে। ‘জে’ গ্রুপে বেলজিয়াম খেলবে লিচেনস্টেইনের মাঠে আর ওয়েলস খেলবে কাজাখস্তানের মাঠে।

ইউরোপের ৫৪টি দেশ ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়বে। এর মধ্যে ছয়টি গ্রুপের রয়েছে চারটি দল ও ছয়টি গ্রুপের রয়েছে পাঁচটি দল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি উঠে যাবে পরবর্তী বিশ্বকাপে। এছাড়া প্রতি গ্রুপের রানার্সআপ ১২টি দল আর ২০২৪-২৫ উয়েফা নেশন্স লিগের গ্রুপজয়ীদের মধ্যে সেরা চারটি দল উঠবে প্লে-অফে। সেখান থেকে আরো চারটি দল পাবে বিশ্বকাপের টিকিট।