বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান বাড়ান মাথেউস কুনহা। এর মধ্য দিয়ে গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে দারুণ শুরু করে ব্রাজিল। প্রথম সুযোগও আসে বেশ তাড়াতাড়ি। মাত্র ৭ মিনিটে উইঙ্গার রায়ানের ব্লক করা পাস থেকে বল পান ভিনি। এরপর গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পাশ কাটিয়ে ফাঁকা জালে বল ঠেলে দেন। শুরুতেই ১-০ তে পিছিয়ে পড়ে স্কটল্যান্ড। এরপর আরেকটি গোল করেন ভিনি। স্কটিশদের আবেদনের পর সেটি ভিএআর বাতিল করে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও গোল করেন ভিনি। ব্রুনো গুমাইরেসের ক্রস থেকে দারুণ হেড দিয়ে বল জালে পাঠান তিনি। ২-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা।
ম্যাচের তৃতীয় গোল আসে দ্বিতীয়ার্ধে। ৬০ মিনিটে স্কটল্যান্ডের বক্সের ঠিক বাইরে থেকে ম্যাথিউস কুনিয়াকে বল পাস করে গিমারেজ। সেই সুযোগ কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে গোল করেন ম্যানইউ স্ট্রাইকার।
ম্যাচের ৭৬ মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার জুনিয়র। ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর ব্রাজিলের জার্সি গায়ে পরে খেললেন এ তারকা।














