ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার বার্নলিকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন চেলসি ২-০ গোলে হারায় ফুলহ্যামকে। বড় দুই দল জিতলেও হেরে গেছে টটেনহ্যাম। লন্ডনের দলটিকে ১-০ গোলে হারিয়েছে বোর্নমাউথ।
ওল্ড ট্র্যাফোর্ডে যোগ করা সময়ের সপ্তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে জয় পায় ম্যানইউ।
বার্নলির জস কালেনের আত্মঘাতী গোলে ২৭ মিনিটে লিড নেয় ম্যানইউ। ৫৫ মিনিটে সমতা আনেন লাইল ফস্টার। এর দুই মিনিট পর ব্রায়ান এমবিউমোর গোলে আবার এগিয়ে যায় রেড ডেভিলরা। ৬৬ মিনিটে আবারো সমতা আনেন বার্নলির জেইডন অ্যান্থনি। খেলা যখন ড্রতে শেষ হচ্ছিল তখনই পেনাল্টি গোলে ম্যানইউর জয় নিশ্চিত করেন ব্রুনো ফার্নান্দেজ।
লন্ডনে চেলসিকে জিতিয়েছেন হোয়াও পেদ্রো ও এঞ্জো ফার্নান্দেজ। ব্রাইটন থেকে ৫৫ মিলিয়ন পাউন্ডে চলতি দলবদলে চেলসিতে যোগ দেয়া পেদ্রো পাঁচ ম্যাচে শুরুর একাদশে নেমে পাঁচ গোল করলেন। প্রথমার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে পেদ্রোর গোলে লিড নেয় চেলসি। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফার্নান্দেজ।
এদিকে, এভানিলসনের একমাত্র গোলে হেরেছে টটেনহ্যাম হটস্পার্স। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে গোল করেন এভানিলসন।










