ম্যানচেস্টার সিটির জার্সিতে আজ রোববার প্রিমিয়ার লিগে শততম ম্যাচ খেলতে নামেন নরওয়েজিয়ান ফরওয়ার্ড আর্লিং হালান্ড। তার মাইলফলকের এ ম্যাচেই হেরে বসেছে সিটিজেনরা। পেপ গার্দিওলার দলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ব্রাইটন।
ম্যাচের ৩৪ মিনিটে সিটিকে এগিয়ে দেন হালান্ড। এটা শততম ম্যাচে তার ৮৮তম গোল। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাইটনকে সমতায় ফেরান সিটির সাবেক খেলোয়াড় জেমস মিলনার। ৮৯ মিনিটে ব্রায়ান গ্রুদার গোলে অভাবনীয় এক জয় তুলে নেয় ব্রাইটন।
প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় জ্যেষ্ঠতম খেলোয়াড় হিসেবে গোল করেছেন মিলনার। ৩৯ বছর ২৩৯ দিন বয়সে গোল করে রেকর্ডটা টেডি শেরিংহ্যামের দখলে। এটা ব্রাইটনের হয়ে মিলনারের প্রথম এবং ২০১৯ সালের পর তার প্রথম গোল। সর্বশেষ লিভারপুলের হয়ে লেস্টারের বিপক্ষে তিনি গোল করেছিলেন, সেটাও ছিল পেনাল্টি থেকে করা।

গোলের পর ডমিনিক সোবোলাই। ছবি: এপি
এটা চলতি মৌসুমে ব্রাইটনের প্রথম জয়, আর সিটির ব্যাক-টু-ব্যাক হার। আগের ম্যাচে তারা হেরেছে ২-০ গোলে। তিন ম্যাচ থেকে গার্দিওলার দলের সংগ্রহ তিন পয়েন্ট, ব্রাইটনের চার।
আজ রাতের ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যাচের ৮৩ মিনিটে লিভারপুলের জয়সূচক গোলটি করেন ডমিনিক সোবোলাই।
প্রিমিয়ার লিগে আজ ওয়েস্ট হ্যাম ৩-০ গোলে হারায় নটিংহ্যাম ফরেস্টকে।










