উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ ছয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুলের মাঠে খেলতে নামছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
লা লিগায় গত রোরবার ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় জাবি আলোনসোর দল। তার আগের ম্যাচে এল ক্ল্যাসিকো জিতেছে ২-১ গোলের ব্যবধানে। সব মিলে, চলতি মৌসুমে ১৪ ম্যাচ খেলে ১৩টি জয় তুলে নেয় রিয়াল। ১২৫ বছরের ইতিহাসে এর চেয়ে ভালো সূচনা তাদের আছে আর মাত্র দুবার, যার সর্বশেষটি ১৯৬১-৬২ মৌসুমে।
লিভারপুল লিগে গত রোববার লিগে অ্যাস্টন ভিলাকে হারায় ২-০ গোলে। সর্বশেষ ম্যাচে জিতলেও সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না অল রেডদের। সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে আর্নে স্লটের দল। প্রেরণা বলতে গত বছর অ্যানফিল্ডে ২-০ গোলে রিয়ালকে হারিয়েছিল তারা।
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল সর্বশেষ ম্যাচে জার্মানির এনট্র্যাখট ফাংকফুর্টকে ৫-১ গোলে হারায়। আর রিয়াল মাদ্রিদ তাদের সর্বশেষ ম্যাচে ১-০ গোলে হারায় ইতালির জায়ান্ট জুভেন্টাসকে।
১১ ম্যাচের মুখোমুখিতে সাত জয় নিয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল জিতেছে তিনটি; ড্র হয় একটি ম্যাচ। ২০২৪ সালের ২৭ নভেম্বরে ঘরের মাঠে রিয়ালকে ২-০ গোলে হারায় লিভারপুল। যদিও ২০২৩ সালে দুইবারের মোকাবেলায় রিয়ালই জিতেছে। ২১ ফেব্রুয়ারি ৫-২ ও ১৫ মার্চ ১-০ গোলের জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।
আজ আরেক হাই ভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে ছয়বারের ইউরোপসেরা বায়ার্ন মিউনিখ। এ ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি মিশনে জার্মানির বায়ার লেভারকুসেনকে ৭-২ গোলে হারিয়েছে পিএসজি। আর সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগসকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আজ দুই পরাশক্তির লড়াইয়ে কে জিতবে?
মুখোমুখি লড়াইয়ে ১২ বারের মোকাবেলায় আটটি জয় নিয়ে এগিয়ে রয়েছে বায়ার্ন, পিএসজির জয় চারটি। দুই দলের সর্বশেষ দেখা হয় ফিফা ক্লাব বিশ্বকাপে। গত ৫ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে বাভারিয়ানদের ২-০ গোলে হারায় ফরাসি ক্লাবটি। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে টানা চার ম্যাচে হেরেছে পিএসজি, যা কিনা ফরাসি ক্লাবটির দীর্ঘতম হারের রেকর্ড।
পিএসজি ও বায়ার্ন উভয়ই চলতি আসরে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে এবং নয় পয়েন্ট নিয়ে টেবিলের এক ও দুইয়ে অবস্থান করছে।









