নিকোলাস পেপের জোড়া গোলে বৃহস্পতিবার কুরাসাওকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আইভরি কোস্ট। একই সঙ্গে টুর্নামেন্টে ইতি ঘটেছে ক্ষুদ্র ক্যারিবীয় দেশ কুরাসাওয়ের।

একসময় আর্সেনালের হয়ে খেলা পেপে বর্তমানে স্পেনের ভিয়ারিয়ালে খেলছেন। ফিলাডেলফিয়ায় ম্যাচের সপ্তম মিনিটেই তিনি আইভরি কোস্টকে এগিয়ে দেন এবং এক ঘণ্টার কিছু পর নিজের দ্বিতীয় গোলটি করেন।

এ জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে আইভরি কোস্ট। তারা প্রথম ম্যাচে ইকুযয়েডরকে ১-০ গোলে হারিযয়েছিল, এরপর জার্মানির কাছে ২-১ গোলে হেরেছিল।

একই সময়ে জার্মানী নিউ জার্সিতে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় মুখোমুখি লড়াইয়ের ফলাফলের ভিত্তিতে জার্মানির পেছনে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে আইভরি কোস্ট।

স্টেডিয়ামের চারদিকে কমলা রঙের আইভরি কোস্টের জার্সি পরা সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুরুতেই গোল আসায় তাদের উল্লাসও শুরু হয়ে যায়। টুর্নামেন্টের অন্যতম উদীয়মান প্রতিভা ইয়ান ডায়মন্ড প্রথম গোলের কারিগর ছিলেন। আরবি লিপজিগের এ উইঙ্গার ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল পেছনে বাড়িয়ে দেন, আর পেপে সহজেই সেটি জালে পাঠান।

কুরাসাওয়ের শুরুর একাদশের ১০ জন খেলোয়াড়েরই জন্ম নেদারল্যান্ডসে। তাদের অনেকেই বিভিন্ন বয়সভিত্তিক এমনকি সিনিয়র পর্যায়েও ডাচ জাতীয় দলের কমলা জার্সি গায়ে চাপিয়েছেন। যে কারনে তারা মোটেও সহজ প্রতিপক্ষ ছিল না। জুরিয়েন গারির দূরপাল্লার শটে অল্পের জন্য পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। প্রথমার্ধের শেষ দিকে লিনড্রো বাকুনা বক্সে ঢুকে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পরপরই শেরেল ফ্লোরানাসের একটি শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। তবে ৬৪তম মিনিটে দ্বিতীয় গোল হজম করার পর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি কুরাসাও। ইব্রাহিম সানগারে দারুণ এক থ্রু পাস বাড়িয়ে দেন পেপের উদ্দেশ্যে। বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিয়ে পেপে গোলরক্ষক এলয় রুমকে পরাস্ত করেন।