উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমের লিগ পর্বে বড় জয়ে শুভসূচনা পেল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তারা ৪-০ গোলে হারিয়েছে ইতালির দল আটালান্টাকে। বুধবার রাতের আরেক ম্যাচে ডাচ ক্লাব আয়াক্সকে ২-০ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপ ইন্টার মিলান। সিরি-এ জায়ান্টদের দুটি গোলই করেন ফরাসি গ্রেট লিলিয়ান থুরামের পুত্র মার্কাস থুরাম।

গত আসরের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান মুকুট জয় করা পিএসজি নতুন মৌসুমে মাঠে নেমেই তুলে নিল বড় জয়। সিরি-এ লিগের আরেক দলের বিপক্ষে কর্তৃত্ব করল লুই এনরিকের দল। ৩ মিনিটে মার্কিনোস, ৩৯ মিনিটে কাভিচা কাভারাৎস্কেলিয়া, ৫১ মিনিটে নুনো মেন্দেস ও ৯১ মিনিটে গনসালো রামোস গোল করেন।

AP25260756149681 (1)

এদিকে, আয়াক্সের মাঠে উভয় অর্ধে গোল করেন থুরাম। ৪২ মিনিটে দলকে লিড এনে দেয়ার পর ৪৭ মিনিটে করেন আরেকটি। ডাচদের গুঁড়িয়ে দুর্দান্ত সূচনা পেল ইন্টার মিলান, যারা গতবারের ফাইনালে বিধ্বস্ত হয় পিএসজির কাছে। চলতি মৌসুমে চার ম্যাচে পাঁচ গোল করেছেন ২৮ বছর বয়সী থুরাম।

অধিনায়ক লাউতারো মার্টিনেজের সামান্য চোটের কারণে খেলতে পারেননি। যদিও আর্জেন্টাইন তারকার অভাব ভুলিয়ে দিয়েছেন থুরাম। দুটি গোলই হেডে করেন তিনি।

৩০ সেপ্টেম্বরের নিজেদের পরের ম্যাচে স্যান সিরোয় স্লাভিয়া প্রাগকে আতিথ্য দেবে ইন্টার মিলান। একই দিন আয়াক্স যাবে ফ্রান্সের মার্শেইতে।

পিএসজির সামনে অবশ্য কঠিন মিশন। অক্টোবরে বার্সেলোনা ও বায়ার লেভারকুসেনের মাঠে খেলার পর নভেম্বরে তারা ঘরের মাঠে খেলবে বায়ার্ন মিউনিখ ও টটেনহ্যামের বিপক্ষে।