ম্যানচেস্টার সিটির হয়ে এক দশকে ১৬টি ট্রফি জিতে ক্লাবটির এক জীবন্ত কিংবদন্তি কেভিন ডি ব্রুইনা। তার কীর্তিকে অমর করে রাখতেই ইতিহাদের বাইরে বেলজিয়ান তারকার একটা ভাস্কর্য তৈরির পরিকল্পনা রয়েছে ইংলিশ ক্লাবটির কর্মকর্তাদের। আজ সেই ম্যানসিটিকেই হারাতে ইতিহাদে খেলতে নামছেন ডি ব্রুইনা!
তিনি যে এখন আর ম্যানসিটির নন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত জুন মাসে ম্যানসিটি ছেড়ে ইতালির ক্লাব নাপোলিতে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী ডি ব্রুইনা। আজ বৃহস্পতিবার রাতে নাপোলির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সিটির মুখোমুখি হবেন তিনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
নাপোলিতে নাম লিখিয়ে বীরের সম্মান পাচ্ছেন ডি ব্রুইনা। এমনকি দিয়েগো ম্যারাডোনার পর ‘সবচেয়ে বড় তারকা’কে পেয়ে আনন্দিত নেপলসবাসী। নেপলসের সাংবাদিক ভিনসেঞ্জো ক্রেদেননিদো বিবিসিকে বলেন, ‘ম্যারাডোনার পর ডি ব্রুইনার মতো এত বড় মাপের খেলোয়াড় সই করায়নি নাপোলি। যদিও ম্যারাডোনা এসেছিলেন তার ক্যারিয়ারের সেরা সময়ে, আর ব্রুইনা এসেছেন ৩৪ বছর বয়সে। এটা পরিষ্কার যে, আশির দশকে ক্লাব প্রেসিডেন্ট কোরাদো ফেরলাইনোর কাছে ম্যারাডোনার যেমন ছিলেন, এখন অরেলিও ডি লরেন্তিসের কাছে ডি ব্রুইনার কদর তেমনই। আমি তো দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি, ম্যানসিটির সাফল্য তিনি নাপোলিতেও টেনে আনবেন। এরই মধ্যে তো বলেই ফেলেছেন, তিনি সিরি-এ শিরোপা জিততে চান আর চ্যাম্পিয়নস লিগেও ভালো কিছু করতে চান।’
ব্রুইনাকে ‘মহান চ্যাম্পিয়ন’ আখ্যা দিয়ে নাপোলি অধিনায়ক জিওভানি ডি লরেঞ্জো বলেন, ‘তিনি এখনো সাবেক সতীর্থদের নিয়ে কিছু বলেননি, তবে আমি নিশ্চিত, তিনি ইতিহাদে ফিরতে পেরে খুশি হবেন যে ভাবে তার অসাধারণ সব স্মৃতি রয়েছে। তারা (ম্যানসিটি সমর্থক) তাকে দেখে খুশি হবে এবং স্বাদরে গ্রহণ করা হবে তাকে। তিনি এর যোগ্য দাবিদারও।’
চ্যাম্পিয়নস লিগে আজ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে ইংল্যান্ডের নিউক্যাসলের মাঠে।










