এ রেসে সামনের সারিতে রয়েছেন কাতার বিশ্বকাপ ফাইনালের দুই সেনাপতি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। সেই সঙ্গে যুক্ত হয়েছেন ইউরোপিয়ান ফুটবলের বর্তমান সুপারস্টার আর্লিং হালান্ড।
দুই ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের রেসে এগিয়ে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। এমবাপ্পে ও হালান্ড উভয়ই করেছেন চার গোল। বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার এমনটি ঘটল—প্রথম দুই ম্যাচের মধ্যেই অন্তত চার গোল করেছেন তিন খেলোয়াড়। প্রথমবার এমনটি হয়েছিল ১৯৫৪ সালের বিশ্বকাপে।
বিশ্বের এ শীর্ষ তিন ফুটবলার আবার গোল করেছেন অল্প কয়েক ঘণ্টার ব্যবধানে। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে শুরু হওয়া ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছেন মেসি। এ পথে তিনি গড়েছেন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। জার্মান গ্রেট মিরোস্লাভ ক্লোসাকে টপকে তিনি এখন সর্বোচ্চ ১৮ গোলের মালিক। ক্লোসা ১৬ গোল করে এতদিন রেকর্ডটা ধরে রেখেছিলেন।
এমবাপ্পের ফ্রান্স ফিলাডেলফিয়ায় মাঠে নামে রাত ৩টায়। ইরাকের বিপক্ষে প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন ফ্রান্স অধিনায়ক। বৃষ্টিভেজা মাঠে কোনো কিছুই দমাতে পারেনি তাকে, যিনি গত আসরের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অনবদ্য এক হ্যাটট্রিক করে ফ্রান্সকে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। শেষ অবধি হার মানেন মেসির কাছে। সোমবার রাতে এমবাপ্পে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে জোড়া গোল করে ফ্রান্সের জয়ের নায়ক। দলের তৃতীয় গোলটি করেন পিএসজি তারকা ওসমান দেম্বেলে।
বাংলাদেশ সময় গতকাল সকালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের আরেক ম্যাচে সেনেগালের মুখোমুখি হয় হালান্ডের নরওয়ে। এ ম্যাচে ৩-২ গোলের জয়ে নকআউট পর্বে নাম লেখায় নরওয়ে। মার্কাস পেডারসেন প্রথমার্ধে গোল করেন। আর দ্বিতীয়ার্ধ শুরুর পরপর জোড়া গোল করেন হালান্ড। দুই ম্যাচে চার গোল করে দলকে তুলেছেন শেষ বত্রিশ রাউন্ডে। ম্যানচেস্টার সিটির এ ফরওয়ার্ডের বিশ্বকাপ অভিষেকটা মন্দ হলো না।
মেসি, এমবাপ্পে, হালান্ডের এ গোলের রেসটা হয়তো চলতেই থাকবে। তিন দলই পৌঁছে গেছে নকআউট পর্বে। শেষ বত্রিশ থেকে হয়তো শেষ ষোলো ও সেখান থেকে শেষ আট কিংবা শেষ চারেও জায়গা করে নেবে তাদের কোনো কোনো দল। দল যতদূর যাবে, গোল্ডেন বুটের রেসে ততটাই জীবন্ত থাকবেন তারা। একজন ভালো করেন তো উদ্দীপ্ত হয়ে অন্যজনও ভালো করতে চান। এ রেসে কেউই পেছনে থাকতে চাইবেন না।
সমান তিন গোল করে রেসে চারে আছেন দুজন—জার্মানির ডেনিস উনদাভ ও কানাডার জোনাথন ডেভিড। এছাড়া গতকাল রাতের ম্যাচ শুরুর আগ পর্যন্ত ব্রাজিলের ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র, কানাডার কাইল লারিন, ইংল্যান্ডের হ্যারি কেন, জার্মানির হাই হাভার্টজ, জাপানের দাইচি কামাদা ও আয়াসে উয়েদা, মরক্কোর ইসমায়েল সাইবারি, নেদারল্যান্ডসের ব্রায়ান ব্রোবি, কডি গাকপো ও ক্রাইসেনসিও সামারভাইল, নিউজিল্যান্ডের এলিজাহ জাস্ট, সেনেগালের ইসমাইলা সার, স্পেনের মিকেল ওয়্যারজাবাল, সুইডেনের ইয়াসিন আয়ারি, সুইজারল্যান্ডের জোহান মানজাম্বি, যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন ও উরুগুয়ের ম্যাক্সি আরাউহো দুই গোল করেছেন।














