এবার ঈদে দেশের প্রায় ১৭০টি হলে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এর মধ্যে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘এশা মার্ডার: কর্মফল’ ছবিগুলো দর্শক টানলেও মুখ থুবড়ে পড়েছে ঈদের আরেক সিনেমা ‘টগর’।

আদর আজাদ ও পূজা চেরী অভিনীত এ সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়েছে। মুক্তির তিনদিনের মাথায়ই হল থেকে নেমে গেছে সিনেমাটি। ঈদে ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘টগর’ ব্লকবাস্টার সিনেমাস থেকে গত সোমবারই নেমে গেছে এবং লায়নস সিনেমায় এর কোনো শো প্রদর্শিতই হয়নি। বাকি থাকা স্টার সিনেপ্লেক্সের তিন শাখা থেকেও নেমে যাচ্ছে আলোক হাসান পরিচালিত এ সিনেমা।

জানা গেছে, আজ থেকে স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায়ই ‘টগর’ সিনেমার শো নেই।

গতকাল মিরপুরের সনি স্কয়ারে বিকাল ৪টা ৪০ মিনিটে ও স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সিনেমাটির শেষ দুটি শো প্রদর্শিত হয়।

ব্লকবাস্টার সিনেমাসের সহকারী মার্কেটিং ম্যানেজার মো. মাহবুবুর রহমান বলেন, ‘টগর সিনেমাটির দর্শক নেই বললেই চলে। যার কারণে আমরা সিনেমাটি নামিয়ে দিয়েছি। এখন তো ব্যবসার সময়, এখন যে সিনেমার দর্শক নেই, তা চালিয়ে রাখার তো কোনো মানে নেই।

অন্যদিকে যে সিনেমাগুলো ভালো চলছে সেগুলোর শো বাড়িয়ে দিচ্ছি।’

আবার স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শক হলমুখী হচ্ছে, সিনেমা দেখতে আসছে; এটা আমাদের জন্য খুবই ভালো দিক। যে সিনেমাগুলো দর্শক দেখছে না, সেগুলো হয়তো নেমে যাচ্ছে।’