বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান। তাদের নিয়ে তৈরি হতে যাওয়া বহুল আলোচিত সিনেমা ‘টাইগার বনাম পাঠান’ নিয়ে বেশ কিছুদিন ধরে নানা ধরনের আলোচনা চলছিল। অনেকেই বলছিলেন, সিনেমাটির কাজ নাকি বাতিল হয়ে গেছে। তবে ভারতীয় একটি সংবাদ সূত্রে জানা যায়, এর কাজ বন্ধ হচ্ছে না। বরং নতুনভাবে ভাবা হচ্ছে পুরো পরিকল্পনা।

সিনেমাটির প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মস জানিয়েছে, টাইগার বনাম পাঠানের পুরনো পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন কাহিনী, নতুন চমক ও আরো আকর্ষণীয় রূপে সিনেমাটিকে দর্শকের সামনে উপস্থাপন করা হবে। এতে দুই প্রধান চরিত্র অর্থাৎ সালমান ও শাহরুখের দিকেও বিশেষভাবে নজর দেয়া হচ্ছে, যাতে তাদের উপস্থিতি আরো শক্তিশালী হয়।

প্রথম যে পরিকল্পনা ছিল, সে ধারায় আর সিনেমাটি তৈরি হচ্ছে না। নির্মাতারা চান, দর্শক যেন বড় পর্দায় নতুন কিছু উপভোগ করতে পারেন। এজন্য গল্পের ধরন, চরিত্রের উপস্থাপনা ও চিত্রনাট্যে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। সব মিলিয়ে এ সিনেমাকে আরো প্রাণবন্ত ও দর্শকপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়েছে প্রযোজনা সংস্থা।

সূত্র বলছে, টাইগার বনাম পাঠান সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের খবর, তারা কোনো তাড়াহুড়ো করতে চাইছেন না। কারণ শাহরুখ ও সালমানকে একসঙ্গে বড় পর্দায় দেখার স্বপ্ন অনেক দর্শকের। সে প্রত্যাশা পূরণে নির্মাতারা পুরো সময় ও যত্ন নিয়ে নির্মাণ করতে চান সিনেমাটি।

পরিকল্পনার এ পরিবর্তনের ফলে সিনেমার কাজ কিছুটা দেরি হলেও নির্মাতারা জানিয়েছেন, টাইগার বনাম পাঠান বন্ধ হচ্ছে না। বরং আরো বড় আকারে, আরো চমকপ্রদভাবে সিনেমাটি আসছে। বলিউডপ্রেমীদের জন্য এটি হতে চলেছে এক স্মরণীয় অভিজ্ঞতা।

সূত্র ও ছবি: টাইমন অব ইন্ডিয়া