অভিনেতা জ্যাকি চ্যানকে চেনেন না এমন মানুষ বিরল। যারা সিনেমা দেখেন না, তারাও তার নাম শুনেছেন। জ্যাকি তার জীবনে বহু সিনেমায় নিজে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু ছেলেবেলায় তিনি জানতেন না, তার বাবা বাস্তব জীবনে এ পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এক কথোপকথনে জ্যাকি চ্যানের জীবনের এ অধ্যায় উঠে এসেছে।

পিপল ম্যাগাজিনের সঙ্গে সম্প্রতি এক কথোপকথনে অংশ নেন জ্যাকি চ্যান। সেখানে তিনি একটি ফ্যামিলি পিকচার দেখান। ছবিটিতে তার বাবা-মা উপস্থিত ছিলেন। ছবিটি দেখিয়ে জ্যাকি বলেন, ‘এই হলেন আমার বাবা-মা। আমার অবশ্য মনে নেই ছবিটি তোলার সময় আমার বয়স কত ছিল। এ ছবি দেখানোর পরই তিনি বাবার স্মৃতিচারণ করেন এবং জানান, তার বাবার পেশা ছিল গুপ্তচরবৃত্তি।

জ্যাকি চ্যান বলেন, ‘আমার বাবা একজন সুদর্শন পুরুষ ছিলেন এবং তিনি ছিলেন একজন গুপ্তচর। কিন্তু সেটা তিনি গোপন রেখেছিলেন। বাবার পেশা সম্পর্কে জেনেছি আমার ৪০ বছর বয়সে গিয়ে।’

তার মায়েরও ছিল একটি গোপন অতীত। ২০০৩ সালের তথ্যচিত্র ‘ট্রেসেস অব দ্য ড্রাগন: জ্যাকি চ্যান অ্যান্ড হিজ লস্ট ফ্যামিলি’তে বিষয়গুলো এসেছে। সেখানেই চ্যান জানিয়েছিলেন, তারা বাবা একজন গুপ্তচর ছিলেন। চল্লিশের দশকে চাইনিজ সিভিল ওয়ারের সময় তার বাবা সরকারের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। এছাড়া তার মা এক সময় আফিম চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন।

এখানেই শেষ নয়, জ্যাকি চ্যানের আসল নাম চ্যান নয়, ফ্যাং। একদম শেষ বয়সে এসে তিনি তা ছেলের কাছে প্রকাশ করেন। সেদিনের স্মৃতিচারণ করে জ্যাকি বলেন, ‘একদিন আমি গাড়ি চালাচ্ছিলাম। বাবা আমার সঙ্গে ছিলেন। হঠাৎ করেই তিনি বললেন, ‘দেখো, আমার বয়স হয়েছে। যেকোনো দিন আমি চলে যেতে পারি। তাই মনে হচ্ছে তোমাকে একটা গোপন কথা বলে যাওয়া উচিত। আমি একজন গুপ্তচর ছিলাম। তোমার আসল পদবি চ্যান নয়, ফ্যাং।’

সূত্র: ইয়ন