রাশিয়ার ‘অষ্টাদশ চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘মাস্তুল’ পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার। এর আগে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছিল সিনেমাটি। এবার রাশিয়ার আরো একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হলো মাস্তুল। রাশিয়ার ভোলগা নদীর তীরবর্তী চেবোক্সারি শহরে অনুষ্ঠিত উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে ছিল মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সিনেমাটি। উৎসবে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে আন্দ্রেই জায়তসেভের ‘টু ইন ওয়ান লাইফ, আই ডোন্ট কাউন্ট ডগস’ ও ‘ইয়ার অব দ্য ক্যাট’ সিনেমার জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন মোস্তফা তাহিজাদে।
উৎসবে ‘মাস্তুল’ পুরস্কৃত হওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা। তবে সেখানে উপস্থিত থাকতে না পারায় কিছুটা আফসোসও রয়েছে বলে জানিয়েছেন নূরুজ্জামান। তিনি জানান, ২২-২৮ মে পর্যন্ত রাশিয়ার চেবোক্সারিতে বসে এ চলচ্চিত্র উৎসব। সেখানে মাস্তুলের অভিনেতা আমিনুর রহমান মুকুলসহ তার যাওয়ার সবকিছু ছিল চূড়ান্ত। কিন্তু শেষ সময়ে এসে সিদ্ধান্ত পরিবর্তন করেন দুজনই।
পরে একটি ফেসবুক পোস্টে নির্মাতা লেখেন, ‘আহামরি বড় কোনো ফেস্টিভ্যাল না হলেও আমার অভিজ্ঞতায় এ পর্যন্ত সবচেয়ে আন্তরিক চলচ্চিত্র উৎসব ছিল চেবোক্সারি। ২০২৩ সালে ‘‘আম কাঁঠালের ছুটি’’ নিয়ে গিয়েছিলাম সেখানে। জুরি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। আমার অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে আছে ভোলগা নদীর তীরের এ উৎসব।’
জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ।
‘প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য’ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত এপ্রিলেই ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ (জুরি) অর্জন করে বাংলাদেশী সিনেমা মাস্তুল। আগামী সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠেয় ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে মাস্তুল।
নির্মাতা জানিয়েছেন, মস্কোয় মাস্তুলের প্রিমিয়ারের পর বহু জায়গা থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আগামী ১-১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ যাচ্ছে মাস্তুল।
এ উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান।
মুক্তির বিষয়ে নির্মাতা জানান, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেয়ার আগেই দেশের দর্শককে মাস্তুল দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।










