ঈদ কিংবা যেকোনো উৎসবেই বিনোদন অঙ্গন থাকে সরগরম। উৎসবকে উপলক্ষ করে শিল্পীরাও ব্যস্ত সময় পার করেন এ সময়। দর্শকও মুখিয়ে থাকেন তাদের প্রিয় তারকার কাজের জন্য। নতুন সব গান, সিনেমা, ওটিটি কনটেন্ট, টিভি নাটক মুক্তি পায় উৎসবকে কেন্দ্র করে। বিনোদনপ্রিয় দর্শকও এসব কনটেন্ট নিয়ে মেতে থাকেন উৎসব আয়োজনে। গত রোজার ঈদে সিনেমা নিয়ে শোবিজ অঙ্গন ছিল বেশ সরগরম। এবারো কম নয়। সিনেমার পাশাপাশি আলোচনার বাইরে নয় ওটিটি কনটেন্টও। সিনেমার পরই ওটিটি কনটেন্টগুলোর দিকেও নজর থাকে দর্শকের। এ ঈদেও ভিন্ন ভিন্ন ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন সব কনটেন্ট।
এ ঈদে নতুন ওয়েব ফিল্ম কিংবা সিরিজ মুক্তি দিচ্ছে না ওটিটি প্লাটফর্ম চরকি। এবার এ প্লাটফর্মে ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে গত রোজার ঈদে মুক্তি পাওয়া আলোচিত চার সিনেমা ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদে অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত প্রমুখ। জংলি বানিয়েছেন এম রাহিম। অভিনয়ে আছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ। দাগিতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। পরিচালনা করেছেন শিহাব শাহীন। সরকারি অনুদানে চক্কর বানিয়েছেন শরাফ আহমেদ জীবন। অভিনয়ে মোশাররফ করিম, তারিন জাহান, সুমন আনোয়ার প্রমুখ।
এছাড়া অন্য প্লাটফর্মগুলোয় রয়েছে আলোচিত সব কনটেন্ট। আলোচনায় এগিয়ে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। একটি কনটেন্টে শুধু তার বিপরীতেই অভিনয় করছেন আট নায়িকা।
বোহেমিয়ান ঘোড়া: ঈদ উপলক্ষে আগামীকাল ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। এটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা। অভিনয় করেছেন মোশাররফ করিম। ‘মহানগর’-এর ওসি হারুন থেকে ‘মোবারকনামা’র মোবারকসহ অসংখ্য চরিত্র দিয়ে ওটিটির দর্শকের মনে তিনি জায়গা করে নিয়েছেন। এবার তিনি হাজির হচ্ছেন আব্বাস হয়ে, যিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার। গত ২২ মে সিরিজের ট্রেলার প্রকাশ হয়। ২ মিনিটের ট্রেলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস একেক রকম মানুষ। কোনো বউই একে অন্যের ব্যাপারে জানে না। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সে পরিস্থিতি নিয়েই তৈরি হয়েছে সিরিজটি।
এতে মোশাররফ করিমের (আব্বাস) আট বউয়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। বোহেমিয়ান ঘোড়ায় মোশাররফ করিমের বউ আজমেরী চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, যিনি পেশায় একজন নারী মৌয়াল। নতুন গল্পে ও চরিত্রে দেখা যাবে তাকে।
হাইড এন সিক: জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবারের ঈদে একাধিক নাটকের পাশাপাশি ওটিটিতেও থাকছেন। দীপ্ত প্লেতে মুক্তি পাবে তিশা অভিনীত থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। বিয়ের ঘোষণা ও এক তরুণীর আত্মহত্যার চেষ্টা থেকে শুরু এ ওয়েব ফিল্মের গল্প। সিনেমার গল্প যত এগোতে থাকে, তত ঘন হয় রহস্য। তাতে উঠে আসে গ্ল্যামার জগতের রঙিন আলোর আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের নানা দিক।
এতে আরো অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ অনেকে।
নীলপদ্ম: ৭ জুন আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘নীলপদ্ম’। তৌফিক এলাহি পরিচালিত এ ফিল্মের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান ও রাশেদ মামুন অপু। দৌলতদিয়ার যৌন কর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত এটি। নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল এ সিনেমার। চলতি বছর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় এটি।
জলে জ্বলে তারা: চলতি বছরের ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমা ‘জলে জ্বলে তারা’। এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। এটি ৮ জুন আইস্ক্রিনে মুক্তি পাবে। গত রোজার ঈদেও মুক্তি পেয়েছিল মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’। এ ঈদেও তিনি থাকছেন। প্রতিটি ওয়েব কনটেন্টে অভিনেত্রী নিজেকে ভিন্ন রূপে আবির্ভূত করেছেন। এতে মিথিলার সহশিল্পী হিসেবে রয়েছেন এফএস নাঈম। এ সিনেমার জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফজলুর রহমান বাবু, মোস্তাফিজ নূর ইমরান, মুনিরা মিঠু প্রমুখ। এদিকে একই দিনে এ প্লাটফর্মে মুক্তি পাবে আরো একটি ওয়েব সিরিজ। এর নাম ‘জল রঙ’।
পাপ কাহিনী: রুনা খান অভিনীত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’। স্বামী-স্ত্রীর প্রেম ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে নির্মিত এ সিরিজ। এটি আইস্ক্রিনে মুক্তি পাবে ৯ জুন। সিরিজটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি।
পার্টি: ডার্ক কমেডি থ্রিলার ঘরানার গল্পে নির্মিত ওয়েব ফিল্ম ‘পার্টি’। এতে ঘটতে থাকা অপ্রত্যাশিত ঘটনাগুলোই ডার্ক কমেডি জার্নিতে দেখানো হয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন রিয়াদ মাহমুদ। কোরবানির ঈদের জন্য নির্মিত ওয়েব ফিল্মটি ১ জুন মুক্তি পেয়েছে আইস্ক্রিনে। এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, শরীফ সিরাজ, সাদ নাওভি, দস্তগীর শান, আবদুল্লাহ সেন্টু, আলমগীর হোসেন, বাঁধন খান, ফারুক আহমেদ প্রমুখ।










