মণি রত্নম পরিচালিত সিনেমা ‘থাগ লাইফ’। আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিলাম্বারাসান, তৃষা কৃষ্ণান, জিজু জর্জের সঙ্গে এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন কমল হাসান। এর আগেও মণির সিনেমায় অভিনয় করেছেন কমল। তামিল সিনেমার অন্যতম সফল অভিনেতা-পরিচালক জুটি তারা। কিন্তু সমালোচনায়ও পড়েছেন দুজনই কখনো না কখনো। দর্শক তাদের সিনেমাকে ‘খারাপ সিনেমা’ বলেছে। এছাড়া সম্প্রতি সিনেমার টিজার মুক্তি পাওয়ামাত্রই অনেক দর্শক সিনেমা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকে। এসব নিয়ে স্ক্রিনের সঙ্গে কথা বলেছেন মণি রত্নম ও কমল হাসান। তাদের মতে, এখন দর্শক দ্রুত সিদ্ধান্তে যায়। তাছাড়া শত কোটি মানুষের প্রত্যেককে সন্তুষ্ট করা সম্ভব নয় বলে মনে করেন দুজনই।
খারাপ সিনেমা বলে কিছু আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মণি বলেন, ‘আমি পরিচালকের আগে একজন দর্শক। কোনো সিনেমা আমার ভালো না লাগলে সেটাই আমার কাছে খারাপ সিনেমা। কিন্তু নির্মাতা হিসেবে আমার বা যেকোনো নির্মাতার দায়িত্ব হলো নিজের সবচেয়ে ভালো কাজটা দেয়া। একটা ভালো সিনেমা বানাতে হলে বা হিট সিনেমা দিতে হলে সেটা নিয়ে কাজ করতে হবে। বাজার বোঝার পাশাপাশি সিনেমার মধ্যে বুদ্ধিমত্তার ছাপ থাকতে হবে।’
মণি রত্নম মনে করেন, নির্মাতাদের মেনে নেয়া উচিত যে দর্শক নানা রুচির হয় এবং তাদের মতামতেও বৈচিত্র্য থাকে। তিনি বলেন, ‘এটা সব ধরনের শিল্পমাধ্যমের ক্ষেত্রেই সত্য। যেকোনো শিল্প একজন ব্যক্তির কাছে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে ধরা দেয়। প্রত্যেকে সেটা স্বতন্ত্রভাবে নেয়। একজন নির্মাতার মেনে নিতে হবে যে তার কাজ বিচিত্রভাবে দেখা হবে এবং সে অনুসারে মন্তব্য আসবে।’
মণি রত্নমের কথার সঙ্গে কমল হাসান একমত হয়েছেন। সেই সঙ্গে তিনি মনে করেন, দর্শকের সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তিনি বলেন, ‘এটা সমবায়ের মতো একটা বিষয়। সিনেমা আমার কাছে সবচেয়ে গণতান্ত্রিক একটা শিল্পমাধ্যম বলে মনে হয়। দর্শকের স্বাধীনতা আছে কনটেন্ট বেছে নেয়ার। সেটাকে ভালো বা মন্দ বলার। তারা জানাতে পারে, সিনেমা পছন্দ হয়েছে কি হয়নি। বড়সংখ্যক দর্শক কী বলছে, তা আমলে নিতে পারি আমরা। কেননা দেড়শ কোটি মানুষের দেশে সবাইকে সন্তুষ্ট করা তো সম্ভব নয়।’
সম্প্রতি আরেকটি কারণে কমল হাসানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কমল বলেছিলেন, তামিল থেকে কন্নড়ের উৎপত্তি হয়েছে। এর রেশ পড়বে তার সিনেমা মুক্তির ক্ষেত্রেও। এরই মধ্যে কর্ণাটকে তার ‘থাগ লাইফ’ নিষিদ্ধ করার দাবি উঠেছে।
থাগ লাইফ নিয়ে আরো কিছু বিষয় ঘটেছে। সিনেমাটির ঘোষণা যখন এসেছিল তখন কমল হাসান, তৃষা কৃষ্ণানের সঙ্গে অভিনয় করার কথা ছিল দুলকার সালমান ও জয়ম রবিরও। কিন্তু একটা সময় দুলকার এ সিনেমা থেকে সরে যান। শিডিউলের সমস্যার কারণে তিনি সিনেমাটি ছেড়েছেন বলে জানানো হয়। সিনেমার ফার্স্ট লুক দেখে মনে হয়েছিল পৌরাণিক বা ঐতিহাসিক কোনো গল্প নিয়ে নির্মাণ হচ্ছে থাগ লাইফ। কমল হাসানের লুক সে বার্তা দিয়েছিল। কিন্তু ট্রেলার থেকে স্পষ্ট যে আধুনিক সময়ের কোনো গ্যাং ওয়ারের গল্প নিয়ে আসছেন মণি রত্নম। এ ধারার সিনেমা তামিল ইন্ডাস্ট্রিতে আগেও হয়েছে। এমনকি মণি রত্নমই নির্মাণ করেছেন। গডফাদারের সঙ্গেও তুলনা করছেন কেউ কেউ। সে কারণেও মুক্তির আগেই সিনেমাটি ভালো কি মন্দ তা নিয়ে গুঞ্জন উঠেছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










