গত শুক্রবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হয় ১০ জন নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এ শহরের কিছু স্বপ্নবাজ তরুণ ৯টা-৫টার চাকরির চক্করে কিংবা নিজেদের আলসেমির কারণে সিনেমাটা ঠিক বানিয়ে উঠতে পারছিলেন না। অনেক দিনের এ চাপা পড়া ইচ্ছা নিয়ে হঠাৎ করেই কাজ শুরু করলেন তারা। সাহস করে অফিস পালিয়ে নেমে গেলেন অল্প পরিসরে স্বল্প খরচে গল্প বানানোর চ্যালেঞ্জে। ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও পরিচালক—‘হুদাই মিস’, জাহিদুল হক অপু।
‘হামাংকুলাস’, ইবনে নুর রাকিব। ‘সোলমেট’, আদেল ইমাম অনুপ। ‘চা চাই’, শেখ কোরাশানী। ‘তেলাপোকা’, আল-আমিন হাসান নির্ঝর। ‘লোক’, মাহমুদা সুলতানা রীমা। ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, কনক খন্দকার। ‘ফর সেল’, ফজলে রাব্বি। ‘অন দ্য কন্ট্রারি’, ইমতিয়াজ হোসেন। ‘ইশপাইট’, আবীর ফেরদৌস মুখর।
সিনেমাগুলো নিয়ে ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার টিমের মুখপাত্র শেখ কোরাশানী বলেন, ‘মনে মনে সিনেমা বানানোর স্বপ্ন আর কপালে করপোরেট জব! এমন কয়েকটা ছেলেমেয়ে একসঙ্গে হলে যা হয় আর কী! চায়ের ব্রেকে, লাঞ্চ টাইমে বা কাজের ফাঁকে নিজেদের মধ্যে শুধু একটা টপিকেই কথা—জীবনে অন্তত একটা সিনেমা বানাব।’
শেখ কোরাশানী আরো বলেন, ‘একসময় নিজেরাই বুঝতে পারলাম, শুরু না করলে কখনই বানানো হবে না। আমাদের মধ্যে একজন সুন্দর উদাহরণ টানল, কোনো একদিন বিরিয়ানি খাব বলে সারা মাস না খেয়ে থাকলে হবে? ভাত-ডাল তো খেতে হবে! কোনো একদিন সিনেমা বানাব ঠিকই, আপাতত শর্টফিল্ম বানাই। ব্যস! শুরু হলো আমাদের প্রজেক্ট।’










