এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছয়টি সিনেমা। তাণ্ডব ছাড়া বাকি সিনেমাগুলো ভালো করলেও তাণ্ডবেই আগ্রহ বেশি আগ্রহ দর্শকের। দেশের সবক’টি সিনেমা হলেই যখন সিনেমাপ্রেমিদের সিনেমা দেখার উৎসব চলছে, ঠিক তখনই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বন্ধ করে দেয়া হলো ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী।
টাঙ্গাইলের কালিহাহীতে ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলের পর ‘তাণ্ডব’ চলচ্চিত্রের প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়। এরপর নিরাপত্তাহীনতার কারণে গত মঙ্গলবার থেকে সিনেমাটি প্রদর্শনী বন্ধ করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এর আগে ঈদের দিন থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ এলাকার জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হল ভাড়া করে তাণ্ডব সিনেমা প্রদর্শন করা হচ্ছিল। ঈদ উপলক্ষে কামরুজ্জামান (সাইফুল) ও সাজু মেহেদীর উদ্যোগে স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী জেলা পরিষদের হলটি ভাড়া নিয়ে তাণ্ডব সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন। এভাবে সিনেমা প্রদর্শনী বন্ধ করতে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।
নির্মাতা আশফাক নিপুণ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। (১১ জুন) মধ্যরাতে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘অতিসম্প্রতি তৌহিদী জনতার হুমকির কারণে টাঙ্গাইলের কালিহাতীতে তাণ্ডব সিনেমা প্রদর্শন বন্ধ। সিলেটে পর্যটন কেন্দ্র বন্ধ। আর প্রধান উপদেষ্টা আপনি এখনো পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে? বন্দরের ব্যাপারে যেভাবে যেকোনো প্রতিরোধ মোকাবেলার ঘোষণা আসে। কিন্তু মব নিয়ন্ত্রণের ব্যাপারে সে রকম কঠোর প্রতিরোধের ঘোষণা কবে আসবে আপনার কাছ থেকে?’
নিপুণ বলেন, ‘অবিলম্বে কালিহাতীতে তাণ্ডব প্রদর্শনের ব্যবস্থা করেন। যেকোনো পর্যটন কেন্দ্র, পাবলিক প্লেসকে ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করেন।’










