ঈদ উপলক্ষ্যে ওটিটি প্লাটফর্মগুলোর থাকে নিজস্ব আয়োজন। এবারো ব্যতিক্রম হচ্ছে না। প্রতিটি প্লাটফর্মই আনছে নতুন কনটেন্ট। সেই ধারায় দীপ্ত প্লেতেও থাকছে নতুন কনটেন্ট। আসছে মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘হাইড এন সিক’।

গল্পে দেখা যাবে ফিল্ম স্টার ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতেই অ্যাক্সিডেন্ট হয় রাশা নামের এক তরুণীর। কেউ কেউ বলে রাশা আসলে করতে চেয়েছে আত্মহত্যা। কারণ ইমতিয়াজের সাথে রাশার ছিল গোপন কোনো সম্পর্ক। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি—তার ওপর আসে ডেথ থ্রেট। নাদিয়া বুঝতে পারে যা চোখের সামনে দেখা যাচ্ছে তারচেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে। লুকোচুরি খেলছে আশে-পাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা, ওদিকে নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি। জীবন নাকি মৃত্যু—কাকে বেছে নেবে তারা?

হাইড এন সিক ওয়েব ফিল্মটি সম্পর্কে পরিচালক হিমি বলেন, ‘থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।’

ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, দিঘী, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার সহ আরো অনেকে। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যের ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে এই ঈদে।