কানাডার টরন্টোয় ১৭ মে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গানে গানে তিনি মুগ্ধ করেছেন বাঙালি প্রবাসীদের। নিজের গাওয়া জনপ্রিয় দেশের গান ‘সুন্দর সুবর্ণ লাবণ্য’ গান দিয়েই তিনি স্টেজ শো শুরু করেন। এরপর টানা ১ ঘণ্টা ৪০ মিনিট গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন গুণী এ কিংবদন্তি সংগীতশিল্পী। সাবিনা ইয়াসমিনের সঙ্গে একই মঞ্চে সংগীত পরিবেশন করেন জাহাঙ্গীর সাইদ। এরই মধ্যে দেশে ফিরেছেন তিনি। ফেরার পর আগামী ঈদে বিটিভিতে প্রচারিতব্য ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানের জন্য তারই গাওয়া জনপ্রিয় গান ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’ গানটি গেয়েছেন। আবার এদিকে ৩১ মে সাবিনা ইয়াসমিন চ্যানেল আইতে দীর্ঘ সময় শুটিংয়ে অংশ নেবেন। সাবিনা ইয়াসমিন জানান, শাইখ সিরাজ তাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছেন। যে তথ্যচিত্রের শুটিং এর আগেও নিজের বাসায় ও চ্যানেল আইয়ে হয়েছে। সে ধারাবাহিকতায় আবারো চ্যানেল আইয়ে সাবিনা ইয়াসমিনের এ তথ্যচিত্রের শুটিং হবে। টরন্টোর শো, আনন্দ মেলা ও নিজের জীবনের তথ্যচিত্র প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘টরন্টোর শোটা খুব ভালো হয়েছে। দেশের বাইরেও বাংলাভাষী দর্শক এখনো আমাকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে তা নতুন করে আবারো উপলব্ধি করলাম। ১৫টি গান গেয়েই শো শেষ করার কথা ছিল। কিন্তু এর পরও আমাকে আরো কয়েকটি গান গাইতে হয়েছে দর্শকেরই বিশেষ অনুরোধে। ধন্যবাদ এ শোয়ের আয়োজকদের।