কোরবানির ঈদের আর বেশি দিন বাকি নেই। ঈদকে কেন্দ্র করে শিল্পীদের মধ্যে চলছে ব্যস্ততা। নির্মাণ হচ্ছে নতুন নাটক ও ওয়েব ফিল্ম। এরই অংশ হিসেবে চিত্রনাট্যকার ও নির্মাতা মুহাম্মাদ মিফতাহ আনান নিয়ে এলেন ঈদের নতুন একটি নাটক। যেখানে নির্মাতা জুটি হিসেবে দাঁড় করিয়েছেন সময়ের দুই তারকা ইয়াশ রোহান ও তানজিন তিশাকে।

নাটকটি নিয়ে পরিচালক বলেন, ‘কিসমত ব্যাপারটা আসলেই অলৌকিক! মানবজনমের প্রায় সবটাই নিয়ন্ত্রণ করে এ কিসমত। যেমনটা করছে আমাদের এ গল্পের একজোড়া মানব-মানবীর জীবন। তারা কেউই জানে না শেষ পর্যন্ত তাদের কিসমতে কী আছে...।’

সিএমভির ব্যানারে সদ্য শুটিং শেষ হওয়া কিসমতের গল্পটি বেশ ব্যতিক্রম। যেখানে দেখা যেতে পারে ফাহাদ নামে কথা কম বলা এক নম্র-ভদ্র চরিত্রকে। এ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। গল্পে যিনি চরিত্রবান একজন সুদর্শন ছেলে, যার দুনিয়া বাসা-অফিস ও লাইব্রেরিতে আবদ্ধ।

বিপরীতে সায়রা নামের চরিত্রটি ভার্সিটি লাইফে উরাধুরাভাবে কাটিয়ে ডজনের ওপর প্রেম করেও আজীবন সঙ্গী হওয়ার মতো কাউকে খুঁজে পাচ্ছে না। এ চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। নির্মাতা জানান, দুই মেরুর এ দুজন মানুষের কিসমতে কী আছে, কেমন করে তারা কাছে আসে কিংবা দূরে সরে যায়, সে গল্পই বলার চেষ্টা করেছেন তিনি। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, কিসমতসহ এ ঈদে সিএমভির ব্যানারে উন্মুক্ত হবে এক ডজন বিশেষ নির্মাণ, যা চাঁদরাত থেকে উন্মুক্ত হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।